Wednesday, April 23, 2014

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল ইতিহাসের সামনে রিয়াল-বায়ার্ন

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ‘ফাইনাল’-এর উত্তেজনা বিরাজ করবে। টুর্নামেন্টের শেষ চারের প্রথম লেগে মুখোমুখি হবে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই ক্লাব জার্মানির বায়ার্ন মিউনিখ ও স্পেনের রিয়াল মাদ্রিদ। দুই দলই দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে।
২০০২ সাল থেকে রিয়াল মাদ্রিদ অপেক্ষায় রয়েছে তাদের রেকর্ড দশম শিরোপা জয়ের। যদিও এখন পর্যন্ত তারা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি (৯) শিরোপা জিতেছে। অন্যদিকে নতুন ইতিহাস গড়তে চায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ১৯৯২ সালে নতুন নাম নেয়া ‘ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-এ প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সামনে তারা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যা কেউ করতে পারেনি। তবে টুর্নামেন্টের আগের নাম-উইনার্স কাপে সর্বশেষ টানা দুই শিরোপা জিতেছিল ইতালির ক্লাব এসি মিলান ১৯৮৯ ও ১৯৯০ সালে। গত মওসুম থেকে বায়ার্ন যে ফার্মে রয়েছে তাতে ইতিহাস গড়ার আশা তারা করতেই পারে। এই মওসুমে ইতিমধ্যে তারা জার্মান কাপ, ক্লাব বিশ্বকাপ ও জার্মানির বুন্দেসলীগা জিতেছে। জার্মান পোকালের ফাইনালে উঠে রয়েছে তারা। গত মওসুমের মতো এই মওসুমেও ‘ট্রেবল’ শিরোপা জিতে ইতিহাসের বিরল রেকর্ড গড়তে তাদের সামনে শুধু এই শিরোপাটাই বাকি। আর চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে তারা বরাবরই দুর্দান্ত। এর আগে তারা এই টুর্নামেন্টের সেমিতে রিয়ালকে পেয়েছে পাঁচবার-১৯৭৬, ১৯৮৭, ২০০০, ২০০১ ও ২০১২ সালে। এরমধ্যে মাত্র একবার-২০০০ সালেই জিতেছে রিয়াল মাদ্রিদ। বাকি চারবার জয় পেয়েছে জার্মানির জায়ান্টরা। সর্বশেষ ২০১১-১২ মওসুমের সেমিফাইনালও কথা বলছে বায়ার্নের পক্ষে। সেবার নিজেদের মাঠে প্রথম লেগে বায়ার্ন জিতেছিল ২-১ গোলে। কিন্তু ফিরতি লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল জিতেছিল ২-১ গোলে। দুই লেগ মিলে ৩-৩ গোলে ড্র হওয়ার ফলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। অতিরিক্ত সময়ে কোন ফল না আসায় পেনাল্টিতে গড়ায় ম্যাচ। সেখানে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় বায়ার্ন। রোনালদো ও কাকার পেনাল্টি শট রুখে দিয়ে সে ম্যাচে নায়ক বনে যান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নায়ার।
বায়ার্নের বিপক্ষে জোড়া গোল করা রোনালদো আজ বায়ার্নের বিপক্ষে মাঠে নামবেন। আর সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রিয়ালকে কোপা দেল রে’র শিরোপা জেতানোর নায়ক গ্যারেথ বেল তো আছেনই। এবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো এই মওসুমে দেশ ক্লাবের হয়ে করেছেন ৩৯ ম্যাচে ৪৯ গোল। তার দল চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের মাঠে আছে দুর্দান্ত। সর্বশেষ ১৭ ম্যাচে তারা বার্নাব্যুতে হারেনি। তবে বায়ার্নও কোন অংশে কম নয়, চ্যাম্পিয়ন্স লীগে তারা সর্বশেষ ১০ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ দুই দল মিলে এ পর্যন্ত ১৪ বার শিরোপা জিতেছে। রিয়াল ৯ ও বায়ার্ন ৫ বার।

No comments:

Post a Comment