Wednesday, April 23, 2014

৩ আর্জেন্টাইনে উজ্জ্বল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার লড়াইয়ে টিকে গেল ম্যানচেস্টার সিটি। সোমবার  তারা ৩-১ গোলে হারায় ওয়েস্ট ব্রমকে। সিটির পক্ষে একটি করে গোল করেন পাবলো সাবালেতা, সার্জিও আগুয়েরো ও মার্টিন দেমিচেলিস। ম্যানসিটির পক্ষে এই তিন আর্জেন্টাইন প্রথম বারের মতো এক সঙ্গে গোল করলেন। এ জয়ে লীগ তালিকায় শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৬ পয়েন্ট পেছনে থাকলো ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। 
৩৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮০। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান তৃতীয়। ঘরের মাঠে ম্যানসিটির ৩ গোলই এসেছে প্রথমার্ধে। দলকে ৩ মিনিটেই হেড থেকে গোল করে এগিয়ে দেন সাবালেতা। চলতি মওসুমে ইনজুরি ভালই ভুগিয়েছে ২৫ বছর বয়স্ক স্ট্রাইকার আগুয়েরোকে। ইনজুরি থেকে তৃতীয়বারের মতো মাঠে ফিরে ৫ ম্যাচ পর গতকাল পেলেন প্রথম গোলের দেখা। ১০ মিনিটে ম্যানসিটির গোল ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। চলতি লীগে এটি তার ১৬তম গোল। ৩৬ মিনিটে ওয়েস্ট ব্রমের জালে শেষ বলটি জড়ান দেমিচেলিস। ওয়েস্ট ব্রমের পক্ষে ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন গ্র্যাহাম ডোরান্স। জিতলেও ম্যানসিটির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেভিড সিলভার ইনজুরি। খেলার ৭০ মিনিটে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ত্যাগ করতে হয় এ স্প্যানিয়ার্ডকে। তাই ম্যানসিটি কোচ পেলেগ্রিনি জানিয়েছেন চিকিৎসকের পরামর্শক্রমেই রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলানো হবে কিনা তার সিদ্ধান্ত নেয়া হবে। তবে লীগের বাকি ৪ ম্যাচে চোখ ম্যানসিটি অধিনায়ক ভিন সেন্ট  কোম্পানির। বেলজিয়াম এ তারকা বলেন, ‘আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আজ শুরুটাও চমৎকার হয়েছে। আগামী চার ম্যাচে এর ভাল দিক কাজে লাগাতে চাই’।

No comments:

Post a Comment