Wednesday, April 23, 2014

আসামি ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ, আসামি গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের কমলনগরে আসামি ধরতে গেলে বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েছে পুলিশ। এ ঘটনায় আসামি শাহজাহান গুলিবিদ্ধসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশের উপপরিদর্শক মো. সাহাবউদ্দিন, সহকারি উপপরিদর্শক মো. মোহসিন চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কনস্টেবল মো. মহিউদ্দিন ও আসামি মো. শাহজাহানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আমির হোসেন জানান, ১৫মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের দিন উত্তর পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনায় সাগর বাদি একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের জন্য (আজ) বুধবার  দুপুরে থানার উপপরিদর্শক মো. সাহাবউদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে মামলার এজাহারভুক্ত আসামি চরমার্টিন ইউনিয়ন বিএনপিকর্মী মো. শাহজাহানকে (৫০) গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তারকৃত শাহজাহানকে ছিনিয়ে নিতে যুব ও ছাত্রদলের শতাধিক কর্মী পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের পিটিয়ে গুরুতর জখম করে শাহাজানকে ছিনিয়ে নেন। এবং তারা পুলিশের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে শাহজাহানকে উদ্ধার করে থানায় ফেরার পথে বিএনপিকর্মীরা আবারও পুলিশের ওপর হামলা চালায়। ওই সময় শাহজাহান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শটগানের গুলি ছুঁড়লে শাহজাহান গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

No comments:

Post a Comment