যানজট এড়াতে তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ রাজধানীর হযরত শাহজালাল
বিমানবন্দর থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম
মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ
সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৮টায়
লংমার্চটি বিমানবন্দরের গোল চত্বর এলাকা থেকে শুরু হবে। কর্মসূচির বিষয়টি
ডিএমপি’র কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

নয়াপল্টন
থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হিসেবে তিনি বলেন, যানজট
এড়াতেই শুরুর জায়গাটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কর্মসূচির বিষয়টি
আমরা তাদের জানিয়েছি। এতে বাধা দেওয়ার কিছু নেই। দেশের স্বার্থেই এ
কর্মসূচি। লংমার্চের বিভিন্ন পথসভা ও সমাবেশের সময়সূচির বিবরণ তুলে ধরে
রিজভী আহমেদ বলেন, লংমার্চ শুরু হয়ে কালিয়াকৈর পৌঁছে সাড়ে ৯টায় প্রথম
পথসভাটি অনুষ্ঠিত হবে। এরপর টাঙ্গাইলে সাড়ে ১১টা, সিরাজগঞ্জ সাড়ে ১২টা,
বগুড়ায় আড়াইটায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে তিনটায় ও পলাশবাড়িতে সাড়ে
৪টায় পথসভা অনুষ্ঠিত হবে। পরদিন রংপুর থেকে লংমার্চের শুরুতে পথসভাটি হবে
সকাল ৯টায়। এরপর সকাল ১১টায় তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে সমাবেশ
অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সালাহউদ্দিন
আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ
সম্পাদক শিরীন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ
উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment