দক্ষিণ সুদানে চলমান সহিংসতায় সৃষ্ট
দুর্ভিক্ষ মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয়া না
হলে, আগামী কয়েক মাসের মধ্যেই সেখানে প্রাণ হারাবে ৫ বছরের কম বয়সী প্রায়
৫০ হাজার শিশু।

গতকাল
জাতিসংঘের এক পরিসংখ্যানে ভয়াবহ এ চিত্র উঠে আসে। ইউনিসেফ বলছে, ২০১১ সালে
স্বাধীন হওয়ার পর থেকে উচ্চহারে অপুষ্টির শিকার হতে থাকে দক্ষিণ সুদানের
লাখো মানুষ। দক্ষিণ সুদানের সহিংসতায় এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ৯ লাখ
মানুষ। প্রেসিডেন্ট সালভা কির ও তার সাবেক ডেপুটি রিয়েক মাচারের অনুগত
বাহিনীর মধ্যে সংঘর্ষে পরিস্থিতির আরও অবনতি হতে থাকে। পরিসংখ্যানে বলা
হচ্ছে, খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন ৩৭ লাখ মানুষ। তবে আরও ভয়াবহ
সময় আসতে চলেছে। অবিলম্বে আরও তহবিল সংগ্রহ করা সম্ভব না হলে ও দক্ষিণ
সুদানের অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের কাছে প্রয়োজনীয় খাদ্য, ভিটামিন, পানি
বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারলে, ৫ বছরের
নিচে ৫০ হাজার শিশু অকাতরে প্রাণ হারাবে বলে সতর্কবাণী উচ্চারণ করেছে
ইউনিসেফ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে এ ত্রাণকাজে জাতিসংঘের
প্রয়োজন ৩ কোটি ৮০ লাখ ডলারের তহবিল। এখন পর্যন্ত মাত্র ৪৬ লাখ ডলার তহবিল
সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইউনিসেফ।
No comments:
Post a Comment