Wednesday, May 7, 2014

নাইজেরিয়ায় আরও ৮ বালিকা অপহৃত

সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিরা নাইজেরিয়ার আর আট বালিকাকে অপহরণ করেছে। রোববার রাতে বোরনো রাজ্যের ওরাবে গ্রামে তারা হামলা চালিয়ে তাদেরকে অপহরণ করে। যেসব বালিকাকে সর্বশেষ অপহরণ করা হয়েছে তাদের বয়স ১২ থেকে ১৫ বছর। ওদিকে সোমবার বোকো হারামের নেতা অপহৃত ২৩০টিরও বেশি স্কুল ছাত্রীকে বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছে। গত ১৪ই এপ্রিল বোরনো রাজ্য থেকে তাদেরকে অপহরণ করা হয়। 
২০০৯ সাল থেকে বোকো হারামের হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। আবুজা থেকে বিবিসির সাংবাদিক মানসুর লিমান বলছেন, যে ওরাবে থেকে সর্বশেষ অপহরণের ঘটনা ঘটেছে তার চারদিকে ইসলামপন্থি জঙ্গি দল বোকো হারামের শক্ত ঘাঁটি রয়েছে। ওই গ্রামে রোববার রাতে দু’টি ট্রাকে করে সশস্ত্র অস্ত্রধারীরা গিয়ে হাজির হয়। তারা গ্রামের পশু ও খাদ্য কেড়ে নেয়। এসব ঘটনার প্রতিবাদে লোকজন বিক্ষোভ করেছে নাইজেরিয়ার রাজপথে। তারা অপহৃত ছাত্রীদের মুক্তি দাবি করে। ওরাবে গ্রামের কাছেই সামবিসা বন। ধারণা করা হয়, প্রথম ধাপে যাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওই জঙ্গলে। সোমবার বোকো হারামের নেতা আবু বকর শেকাউ একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে তিনি নিশ্চিত করেন যে তাদের গ্রুপই অপহরণ করেছে ওই ছাত্রীদের। ওদিকে ছাত্রীদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে দেশে ও বিদেশে ক্ষোভ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই অপহরণকে কঠোর সন্ত্রাস বলে অভিহিত করে। তারা নাইজেরিয়া সরকারকে ওই ছাত্রীদের উদ্ধারে সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে।

No comments:

Post a Comment