রংপুরের সদর, পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে
সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার দুপুরের পর থেকে এই চারটি উপজেলার
বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের
পাশাপাশি বিজিবি, র্যাব ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

রংপুর
সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা
নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা সরকার মোঃ আশরাফুল আলম জানান, সদর
উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা ভাইস
চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট
ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ১০৪জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৫৪ হাজার
৫৭২ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৫৪ হাজার ৫৩২ জন। ৪৫টি ভোট কেন্দ্রে ৪৫ জন
প্রিজাইডিং অফিসার, ৩১৬ জন সহকারী প্রিজাইডিং ও ৬৩২ জন পোলিং অফিসার নিয়োগ
করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে
৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই
উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ২৫৭ জন। গঙ্গাচড়ায়
মহিলা ভোটারের সংখ্যা ৮৯ হাজার ৫৪১ জন, পুরুষ ভোটারের সংখ্যা ৯০ হাজার ৭১৬
জন। এখানকার ৮১টি ভোট কেন্দ্রে ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৫১৯ জন সহকারী
প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩৮ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবে। অপরদিকে,
কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা
ভাইস চেয়ারম্যান পদে সমসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায়
ইউনিয়নের সংখ্যা ৬টি। ভোটারের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৫০৭ জন। এর মধ্যে
মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চাইতে ৫ হাজারেও বেশী। এর মধ্যে পুরুষ
ভোটার ৭৪ হাজার ৯৭৪ জন ও মহিলা ভোটার ৭৯ হাজার ৫৩৩ জন। এই উপজেলায় মোট ভোট
কেন্দ্রের সংখ্যা ৭০টি। প্রিজাইডিং অফিসার ৭০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার
৩৮৫ জন ও পোলিং অফিসার ৭৭০ জন নিয়োগ করা হয়েছে। এদিকে, পীরগাছা উপজেলা
চেয়ারম্যান পদে ৩ জন, সমসংখ্যক প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পীরগাছা উপজেলায় মোট
ইউনিয়নের সংখ্যা ৯টি। ভোটারের ২ লাখ ১৩ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ
ভোটারের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৯ হাজার
১৪৬ জন। উপজেলার ৯১টি ভোট কেন্দ্রে ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৫১৫ জন
সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
এই চারটি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৮৭টি। ভোট কক্ষের সংখ্যা ১
হাজার ৭৩৫টি ও অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ১৩৬টি। নির্বাচন উপলক্ষে রোববার
দুপুর ২টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রংপুর পুলিশ সুপার
আব্দুর রাজ্জাক পিপিএম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন
করতে এই চার উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের
পাশাপাশি র্যাব, বিজিবি ছাড়াও সেনা টহল রয়েছে। চরাঞ্চলের ভোট
কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো
বলেন, রংপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে।
No comments:
Post a Comment