Wednesday, May 21, 2014

এক দশক পেরিয়ে ‘সিটিসেল তারকাকথন’

‘সিটিসেল তারকাকথন’ চ্যানেল আইতে প্রচার চলতি দর্শকপ্রিয় অনুষ্ঠানের একটি। ২০০৪ সালের আজকের দিনে এ অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। আজ এ অনুষ্ঠানটি এক দশক পেরিয়ে এগারো বছরে পদার্পণ করেছে। আজ দুপুর ১২-৩০ মিনিটে চ্যানেল আইয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা আজকের ‘সিটিসেল তারকাকথন’ হিসেবে প্রচার হবে। আজ প্রচার হবে অনুষ্ঠানটির ২৯০৬তম পর্ব।
অনুষ্ঠানের প্রযোজক অনন্য রুমা বলেন, অনেক কষ্টে দর্শক আর শিল্পী-কলাকুশলীদের সহযোগিতায় আজ ‘সিটিসেল তারকাকথন’ এক দশক পেরিয়ে ১১ বছরে পদার্পণ করেছে। এটা আমাদের কাছে দারুণ আনন্দের। শুরুটা যেমন কেবলই সেলিব্রিটিদের নিয়ে ছিল বর্তমানে সব শাখার স্ব-স্ব ক্ষেত্রে সফল তারকাদের সম্পৃক্ত করা হচ্ছে। অনুষ্ঠানটিতে আর কি কি পরিবর্তন আনা যেতে পারে তা নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রের সফল ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব আজ উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, যিনি ছিলেন ‘সিটিসেল তারকাকথন’-এর প্রথম অতিথি। ‘সিটিসেল তারকাকথন’ প্রায় দুই বছর ধরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মাসের ১৬ অথবা ২৬ তারিখে বিশেষভাবে সম্মাননা জানাচ্ছে। অনুষ্ঠানটি প্রসঙ্গে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘সিটিসেল তারকাকথন’ স্বমহিমায় আজ অনেক ভাল একটি অবস্থানে এসে পৌঁছেছে। এর সঙ্গে জড়িত স্পন্সর কোম্পানিসহ প্রত্যেকের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা বেশ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন। ‘সিটিসেল তারকাকথন’-এ শুরু থেকেই সহকারী প্রযোজক হিসেবে কাজ করছেন সোহেল হাকিম। উপস্থাপনার সঙ্গে শুরু থেকেই জড়িত মৌসুমী বড়ুয়া। পরবর্তীতে উপস্থাপনায় যুক্ত হয়েছেন দিলরুবা সাথী ও আফরিন। শুধু স্টুডিতেই নয়, যখন যেখানে প্রয়োজন ‘সিটিসেল তারকাকথন’ টিম পৌঁছে গেছে সেখানে দর্শকের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপনের জন্য। অনুষ্ঠানটি ৩০ মিনিটের হলেও ব্যক্তিবিশেষে এর সময়ব্যাপ্তি বৃদ্ধি করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে কুইজের মাধ্যমে বিজয়ী অনুষ্ঠানের শেষ ১০ মিনিট তার প্রিয় তারকার সঙ্গে সরাসরি আড্ডায় অংশগ্রহণও করতে পারেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি শুধু শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন প্রচার হয়।

No comments:

Post a Comment