৬৭তম কান চলচ্চিত্র উৎসব এরই মধ্যে ৭ দিন
পার করেছে সফলভাবে। বলিউড-হলিউডসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের
উপস্থিতিতে ব্যাপক জমে উঠেছে উৎসবটি। তবে প্রতিবারই এ উৎসবে তারকাদের
পাশাপাশি তাদের পোশাকও সবার আগ্রহের বিষয়ে পরিণত হয়।

তারকারাও
এ উৎসবে অংশ নেয়ার জন্য অনেক আগে থেকেই তাদের পোশাক প্রস্তুতিটা সারেন।
তাই রীতিমতো পোশাক ফ্যাশনের ছড়াছড়ি লেগে যায় রেড কার্পেটে। এবারও তার
ব্যতিক্রম হয়নি। বিভিন্ন তারকার পোশাকের প্রতি সবার আগ্রহ-কৌতূহল ছিল চোখে
পড়ার মতো। বিভিন্ন রঙ ও ডিজাইনের গাউনে এখানে হাজির হয়েছিলেন তারকারা। উৎসব
জমার পাশাপাশি কান ফ্যাশনও বেশ জমে উঠেছে বলা যায়। তবে কিছু তারকার পোশাক
একটু বেশিই নজর কেড়েছিলো দর্শকদের। এই যেমন কানের প্রথম দিনটিতে যিনি
নীলরঙা গাউনে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী
নিকোল কিডম্যান। টপলেস এই গাউন পরে যখন রেড কার্পেটে হাঁটছিলেন কিডম্যান,
তখন সবার দৃষ্টি ছিল শুধু তার দিকে। এদিকে বলিউড অভিনেত্রী মল্লিকা
সারাওয়াত জানিয়েছিলেন তিনি দেশী পোশাকে কানে হাঁটবেন। কথা রাখেননি তিনি।
হালকা আকাশি রঙা চমৎকার একটি কাজ করা গাউন পরে রেড কার্পেটে আসেন তিনি। এ
পোশাকে আগের উৎসবগুলো থেকে মল্লিকাকে অনেক বেশি ভাল লাগছিল বলেও বলাবলি
করেছেন কেউ কেউ। বুকের দিকে খোলা এ গাউনটিকে এবারের কানের অন্যতম পোশাক
হিসেবেও ধরা হচ্ছে। গাঢ় গোলাপি গাউন পরে রেড কার্পেটে এসে সবার দৃষ্টি
কাড়েন সালমা হায়েক। এটিও ছিল টপলেস গাউন। হালকা সাজের সঙ্গে এই পোশাকে
দারুণ লাগছিল সালমাকে। এর মাধ্যমে আবারও প্রমাণ করলেন, এখনও তিনি হলিউডের
অন্যতম ফ্যাশন আইকন। চকলেট রঙের খোলামেলা গাউন পনে আদ্রিয়ানা লিমাও রেড
কার্পেটের অন্যতম ফ্যাশন ডিভায় পরিণত হন। শরীর প্রদর্শন করা এ গাউনটিতে
অদ্ভুত লাগছিল তাকে। অন্যদিকে বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবারের কান উৎসবে
হাজির হয়েছিলেন কালো রঙা একটি কুইন গাউন পরে। নিচের দিকে ছড়ানো এরকম গাউন
পরে এই প্রথম এবার কানে হাজির হলেন কেউ। খয়েরি রঙের খোলামেলা গাউন পরে
এবারের অন্যতম ফ্যাশন ডিভা হিসেবে রেড কার্পেটে হাঁটেন হলিউড অভিনেত্রী
ব্ল্যাক লাইভলি। পরবর্তীতে কালো রঙা একটি গাউনেও তাকে অসাধারণ লাগছিল। কমলা
রঙা টপলেস গাউন পরে কান উৎসবে এসে আবারও সবার নজর কাড়েন অভিনেত্রী ফ্রিদা
পিন্টো। অন্যদিকে সুপার মডেল ইসাবেলি ফানটানা একটি হলুদ রঙা খোলামেলা গাউন
পরে রেড কার্পেটে আসেন। এবারের কান উৎসবে মূলত এই তারকাদের পোশাক ও ফ্যাশনই
সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। কানের বাকি দিনগুলোতেও সবার নজর থাকবে অংশ
নেয়া তারকাদের পোশাক ও ফ্যাশনের দিকে। সব মিলিয়ে কানে তারকাদের ফ্যাশনযুদ্ধ
বেশ জমে উঠেছে।
No comments:
Post a Comment