Sunday, May 4, 2014

নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী সাভারে উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ি সাইফুল ইসলামকে ২৬ ঘন্টার মাথায় সাভারের নবীনগর এলাকায় থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে নবীনগর র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মঈনুর রহমান জানান, অপহরনকারীরা রাত সাড়ে ১১টার দিকে সাইফুল ইসলামকে নবীনগর রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে সাইফুল ইসলাম তার স্ত্রী সাদিয়া সুলতানাকে ফোন করে। সাদিয়া সুলতানা খবরটি নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র‌্যাবকে জানায়। ওই সময়ে নারায়ণগঞ্জ ডিবির একটি টিম ঘটনাস্থলের কাছাকাছিই ছিল। অপহরণকারীদের মোবাইল ট্র্যাকিং করে তারা ওই স্থানে পৌঁছায়। 
ডিবির টিমটি সাইফুলের কাছে পৌঁছার আগেই র‌্যাব-৪ এর সদস্যরা সাইফুলকে উদ্ধার করে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তিনি আরো বলেন, সাইফুল ইসলাম জীবত উদ্ধার হয়েছে এটাই বড় কথা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় স্মৃতিসৌধের সামনে চোখ বাঁধা অবস্থায় ব্যবসায়ী সাইফুলকে ফেলে যায় অপহরণকারীরা। পরে চোখ খুলে লোকজনকে কোথায় আছে জানতে চাইলে তারা সাইফুলকে নবীনগর-সাভার স্মৃতিসৌধের কথা জানায়। পরে সাইফুল স্মৃতিসৌধের বিপরীত দিকে বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে স্ত্রীকে ফোনে ফিরে আসার ঘটনা জানান। উল্লেখ্য, সাইফুল ইসলামের স্ত্রী সাদিয়া সুলতানার তথ্যমতে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাইফুলের মোবাইল ফোনে কে বা কারা ফোন করে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত দুটার দিকে সাইফুলের দোকানের ম্যানেজার মো. হান্নানের মোবাইল ফোনে কে কাবা কারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাইফুলের ম্যানেজার হান্নানকে আটক করে। সাইফুল অপহরণ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সিদ্ধিরগঞ্জ। বিক্ষুব্ধ জনতা শুক্রবার সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সন্ধ্যার মধ্যে অপহৃত সাইফুলকে উদ্ধারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সাময়িক সময়ের জন্য অবরোধ প্রত্যাহার করে নেয়। সন্ধ্যা ৬টার মধ্যে সাইফুলের সন্ধান দেয়ার আল্টিমেটাম দিয়ে তারা ঘরে ফিরে গেলেও সন্ধ্যা পার হওয়ার পর পর এলাকার লোকজন আবার রাস্তায় নামেন। তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচাজ, টিয়ারসেল ও ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
 নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানিয়েছিলেন, পুলিশের সর্বাত্মক শক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারে জোর চেষ্টা চলছে। এদিকে রাতে অপহৃত ব্যবসায়ি সাইফুল ইসলাম উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ্‌এলাকার উৎসুক মানুষ সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে সাইফুল ইসলামের বাড়িতে ভিড় করে। অনেকে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। উল্লেখ্য, ২৭ এপ্রিল দিন-দুপুরে নারায়ণগঞ্জ আদালত থেকে বের হয়ে বাসায় ফেরার পথে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরন করা হয়। এরপর ৭৩ ঘন্টার মাথায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শোকাহত এলাকাবাসী। তার উপর শুক্রবার রাতে সাইফুল ইসলাম অপহৃত হওয়ার খবরে ক্ষোভে আতঙ্কে উত্তেজিত হয়ে সাধারণ মানুষ। শেষ পর্যন্ত সাইফুলের উদ্ধারের মধ্যদিয়ে কিছুটা স্বস্থির নি:শ্বাস ফেলে সানারপাড়বাসী।

No comments:

Post a Comment