সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির
বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের
আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি করেন। রিটে সাংসদদের জন্য যাবতীয়
শুল্কমুক্ত গাড়ি আমদানির সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না—এ মর্মে রুল
চাওয়া হয়েছে।

শুল্কমুক্ত
যাবতীয় গাড়ি আমদানি না করা এবং সাংসদদের তা না দেওয়ার কেন নির্দেশ
দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া
পর্যন্ত সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানি না করতে স্থিতাবস্থা বজায় রাখার
নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে অর্থসচিব, যোগাযোগসচিব,
মন্ত্রিপরিষদসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা
হয়েছে। রিট আবেদন বলা হয়, সাংসদদের কী কী সুবিধা দেওয়া হবে তা সংবিধানের
৬৮ অনুচ্ছেদে বলা আছে। কিন্তু সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি করা
প্রসঙ্গে ওই অনুচ্ছেদে কিছু বলা নেই। তাই শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়টি
ওই অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আবেদনে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ৭
অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ সাংসদদের
অতিরিক্ত বেআইনি সুবিধা নেওয়ার ম্যানডেট দেয়নি। সংবিধানের ১৯ অনুচ্ছেদ
অনুযায়ী নাগরিকদের জন্য সমসুযোগ নিশ্চিত করবে রাষ্ট্র। ২৭ অনুচ্ছেদ
অনুসারে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। এ ছাড়া সাংসদেরা শপথ নিয়েছেন যে
‘আমি যে কর্তব্যভার বহন করতে যাচ্ছি, তা আইন অনুযায়ী পালন করিব। এবং সংসদ
সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে
দেব না।’ সাংসদেরা আইন তৈরি করে থাকেন অথচ তাঁরা বেআইনিভাবে সুযোগ-সুবিধা
নিয়ে করের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেবেন—এটা যুক্তিযুক্ত নয়। ইউনুস আলী
আকন্দ প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে।
কাল (মঙ্গলবার) হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
No comments:
Post a Comment