কোথাও কোথাও বিএনপি নিজ দলের নেতাকর্মীকেই
গুম ও অপহরণ করছে বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার
সকাল ১০টার দিকে মাদারীপুরে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, কোথাও কোথাও ব্যবসায়ীরাও
টাকা-পয়সার জন্য অন্য ব্যবসায়ীকে গুম করছে। সারাদেশে গুম-খুন এখন সংক্রামক
ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। সরকার তা শক্ত হাতে দমন করবে।

ঢাকায়
কূটনীতিকদের ‘ইউরোপ ডে’র অনুষ্ঠানে সংলাপ আহ্বানের বিষয়ে তিনি বলেন, যে
কোনো রাজনৈতিক দল বা দলের নেতাদের সঙ্গে যে কোনো মুহূর্তে সংলাপ হতে পারে।
কিন্তু, যারা ধ্বংসলীলা করে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। তিনি বলেন,
যেভাবে বিএনপি-জামায়াত ২০১৩ সালে এ দেশে তাণ্ডব চালালো, তাদের সঙ্গে সংলাপ
চলে না। সংলাপ একটি রাজনৈতিক বিষয় উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনা
বিরোধীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলেও মন্তব্য করেন নৌপরিবহনমন্ত্রী
শাজাহান খান। মন্ত্রী এ সময় নারায়গঞ্জের সাত খুনের ঘটনায় দ্রুত সুষ্ঠু
তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দেন। এর আগে শাজাহান খান মাদারীপুর পাবলিক
ইনস্টিটিউটিশন মাঠের উন্নয়ন কাজের পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, সিনিয়র নেতা
সাখাওয়াত হোসেন সেলিম, স্কুলের প্রধান শিক্ষক বাবর হাওলাদার, সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন প্রমুখ। পরে মন্ত্রী ধুরাইল ও
বাহাদুরপুর ইউনিয়নের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সামাজিক-রাজনৈতিক
সমাবেশে অংশ নেন।
No comments:
Post a Comment