Monday, May 12, 2014

বোকো হারামের নির্মমতার শিকার ৩০০ ছাত্রী

সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হাত থেকে পালিয়ে এসেছে অপহৃত এক স্কুলছাত্রী। আমিনা তাউর (১৭) নামে ওই ছাত্রী তাদের ওপর চালানো নির্মমতার বর্ণনা দিয়েছে। বলেছে, অপহরণ করার পর তার বান্ধবীদের ধর্ষণ করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। তাদেরকে বানানো হয়েছে দাসী।
বোকো হারামের সদস্যদের নির্দেশ না মানলে তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়। তাকে বোকো হারামের কবল থেকে মুক্ত হওয়ার পথ করে দিয়েছে বোকো হারামেরই এক সদস্য। তার সহায়তায় আমিনা জঙ্গলের পর জঙ্গল পাড়ি দিয়েছে। সে জঙ্গলে সাপ-পোকে গিজগিজ করে। দৌড়াতে দৌড়াতে এক সময় পেয়ে গেছে একটি রাস্তা। সেই রাস্তা দাম্বোয়া এলাকার। বোরনো রাজ্যের রাজধানী মাউদুগুরি থেকে এ স্থানটি ৫০ মাইল দূরে একটি বিশাল জঙ্গলের পাশে। সেখানেই রাস্তায় এক মোটর চালকের সঙ্গে তার দেখা হয়। তিনিই তাকে পরিবারের হাতে পৌঁছে দেন। নাইজেরিয়া থেকে কিভাবে প্রায় ৩০০ স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম সে সম্পর্কে জানিয়েছে আমিনা। সে বলেছে, স্থানীয় সময় রাত এগারটার দিকে অকস্মাৎ আমরা গুলির শব্দ শুনতে পাই। এরপরই আমাদের স্কুলে সামরিক বাহিনীর পোশাক পরা লোকজন এসে হাজির। আমরা মনে করেছিলাম তারা সেনাবাহিনী। তারা আমাদেরকে বলে, তাৎক্ষণিকভাবে আমাদেরকে উদ্ধার করতে হবে। আমাদের কোন ক্ষতি হওয়ার আগে তারা তাদের সঙ্গে যেতে বলে আমাদের। আমরা তাদের অনুসরণ করে বেরিয়ে আসি। তারা আমাদেরকে একটি লরিতে তুলে নেয়। তারপরই তাদের দলীয় স্লোগান দেয়। তখনই আমরা বুঝতে পারি তারা বোকো হারামের লোক। এমনটা টের পেয়ে আমরা চিৎকার করে কাঁদতে থাকি। তাদের কাছে সাহায্য ভিক্ষা চাই। তারা উল্টো আমাদেরকে ধমক দিয়ে চুপ করতে বলে। বলে, তা নাহলে আমাদেরকে হত্যা করবে। এরপর তারা আমাদেরকে একটি জঙ্গলে নিয়ে যায়। সারা রাত ও সকাল আমরা সেই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকি। এরপর একটি স্থানে পৌঁছি। সেখানে তারা আমাদের কাউকে রান্না করতে বলে। কাউকে বলে থালাবাসন পরিস্কার করতে। কাউকে বলে কাঠ সংগ্রহ করতে। তারপরই তারা আমাদেরকে অবমাননা করতে শুরু করে। বলে, তোমরা কোনদিন স্কুলে যাবে না। আমাদের লোকেরা তোমাদের বিয়ে করবে।

No comments:

Post a Comment