Monday, May 19, 2014

তারাকান্দা-পীরগাছায় বিএনপি, তালতলীতে আ’লীগ প্রার্থীর জয়

৬ষ্ঠ দফার উপজেলা নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা ও রংপুরের পীরগাছায় বিএনপি সমর্থিত প্রার্থী  এবং বরগুনার তালতলীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার রাতে এ ফল ঘোষণা করা হয়। 
প্রকাশিত চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তারাকান্দায় বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার (হেলিকপ্টার) পেয়েছেন ৪৭ হাজার ৪১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ আলী খান(আনারস) পেয়েছেন ৩৮ হাজার ৮৩৫ ভোট। তালতলীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান মিন্টু বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩২ হাজার ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ হোসেন আক্কাস মৃধা(বিএনপির বিদ্রোহী প্রার্থী) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪২২ ভোট। এ উপজেলার ২৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে। ভোট কারচুপির অভিযোগে ২৯টির মধ্যে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের ভোটার সংখ্যার চেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পাওয়া ভোটের সংখ্যা অনেক বেশি। এজন্য এই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ‌এছাড়া রংপুরের পীরগাছায় বিএনপি সমর্থিত প্রার্থী আফসার আলী বিজয়ী হয়েছেন।তার প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৪২৩ ভোট। নিকটতম জাতীয়পার্টির আবু নাছের মো: মাহবুব রহমান ৩৭ হাজার ৯৭২ ভোট। সোমবার রংপুর জেলার রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, টাঙ্গাইলের বাসাইল, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলায় ভোট গ্রহণ করা হয়। ইসি সূত্র মতে, ষষ্ঠ দফায় ১২ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চেয়ারম্যান পদে ৬১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন। ৬৭৪ কেন্দ্রের চার হাজার ৪৭০টি বুথে একযোগে ভোট গ্রহণ করা হয়। এতে ১৬ লাখ ৫৬ হাজার ৬৩৩ জন ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পান। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ লাখ ১৯ হাজার ৯৭০ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৩৬ হাজার ৬৬৩ জন। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত পাঁচ দফায় ৪৫৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

No comments:

Post a Comment