বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায়
বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায়’ রোববার আদালতে হাজিরা দিতে গেলে
সালাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়। বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতামূলক
কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত
হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় বর্তমান
সরকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার,
কারান্তরীণ এবং তাদের রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করে যাচ্ছে।
বিবৃতিতে আওয়ামী লীগের সরকারকে ‘ক্ষমতা জবরদখলকারী’ আখ্যা দেন তিনি। ফখরুল
বলেন, একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয় তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি
থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত
আওয়ামী লীগকে পেতেই হবে। সালাহউদ্দিনকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে প্রেরণের
ঘটনা বর্তমান ‘অবৈধ সরকারের’ চরম প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে
মির্জা ফখরুল। একইসঙ্গে সালাহউদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’
প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
No comments:
Post a Comment