Monday, May 12, 2014

অপেক্ষায় জয়া...

ভারত-বাংলাদেশ মিলিয়ে পালাক্রমে ভালই এগুচ্ছিলেন জয়া আহসান। গেল দুই বছরে তার চলচ্চিত্র যাত্রা বেশ ফলপ্রসূ। টিভি পর্দায় ড্রইংরুম গ-িতে থেকে সম্ভবত জয়া নিজেও ভাবেননি কস্মিনকালে- চলচ্চিত্রে পা রেখেই এতটা সফল হবেন। এর মধ্যে প্রথম চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে বড় পর্দায় শুধু অভিষেকই হয়েছে তার। এর বেশি কিছু আদায় করতে পারেননি তিনি। আর দ্বিতীয় চলচ্চিত্র নুরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’ করে ভীষণ মার খেয়েছেন দর্শক-সমালোচকদের কাছে। অনেকেই তখন বলেছেন, জয়ার চলচ্চিত্র যাত্রা ‘ডুব সাঁতারেই’ শেষ। অনেকটা ‘কাননে নিহত কুসুম’ স্লোগানের মতোই। না, তা হয়নি। বরং গেল দু’বছরে জয়া নিজেকে প্রমাণ করেছেন দুই বাংলায়। জয় করেছেন বাণিজ্যিক এবং অবাণিজ্যিক ছবির নায়িকা হয়ে। ঘরে তুলেছেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পর পর দু’টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথমটি ‘গেরিলা’র জন্য। পরেরটি ‘চোরাবালি’র জন্য।
এছাড়াও কলকাতার ‘আবর্ত’র জন্য শৈলজানন্দ পদক এবং নমিনেশন পেয়েছেন ‘ফিল্ম ফেয়ার’ অ্যাওয়ার্ডস’-এ। সব মিলিয়ে দু’বছর ধরে জয়া যেন তার চলচ্চিত্রের সফলতা নিয়ে বলগা হরিণের মতোই ছুটছিলেন। তবে চলতি সময়ে খানিক নীরবতায় আছেন তিনি। এরই মধ্যে অনেকটা নীরবেই শেষ করেছেন আরও দু’টি ভিন্নধারার চলচ্চিত্রের শুটিং। একটির নাম ‘পারলে ঠেকা’, অন্যটি ‘জিরো ডিগ্রি’। দুটি ছবিই মুক্তি পাচ্ছে চলতি বছরের শেষের দিকে। ‘জিরো ডিগ্রি’ ছবিটি প্রযোজনা করছেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ। গত ১৮ই এপ্রিল এ ছবির শুটিং সম্পন্ন হয়। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। জয়া আহসান ছাড়াও এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রুহি, তারিক আনাম খান, ইরেশ যাকের, টেলিসামাদ প্রমুখ। এদিকে ‘পারলে ঠেকা’ ছবিটি পরিচালনা করেছেন সামুরাই মারুফ। অ্যাডভেঞ্চার ধাঁচের এ ছবিতে জয়াকে চোরের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে জয়া দুটি গানও গেয়েছেন। এর একটির শিরোনাম ‘জঙ্গলের ডাক’, অন্যটি ‘পারলে ঠেকা’। জয়া বলেন, ভালই হয়েছে আমার জন্য। লম্বা জার্নির পর এখন একটু সময় পাচ্ছি ভাবার। গেল দু’বছর ধরে ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘আবর্ত’ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নিয়ে বেশ দৌড়ের ওপর ছিলাম। কষ্ট করেছি আবার উপভোগও করেছি আমার এই ব্যস্ততা। সবার সহযোগিতায় সফলতাও পেয়েছি। এ বছর এখনও আমার কোন ছবি মুক্তি পায়নি। তাই অনেকখানি রিল্যাক্সে আছি। তবে এর মধ্যে শুটিং শেষ করেছি ‘জিরো ডিগ্রি’র। একটু বাকি আছে ‘পারলে ঠেকা’র। আশা করছি বছরের শেষটায় আবারও দর্শক-সমালোচকদের ভিন্ন দু’টি ছবি উপহার দিতে পারবো। আপাতত এখন সেই চমকের অপেক্ষায় আছি। পুরো ফর্মে থাকা জয়া আহসান বর্তমানে চলচ্চিত্রকেই ধ্যান-জ্ঞান হিসেবে নিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন সব নাটক-বিজ্ঞাপনের কাজ। এদিকে গত বছর সর্বশেষ মুক্তি পায় জয়ার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। এবার এর সিক্যুয়াল ছবি নির্মিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। এবারের ছবিতেও জুটি হিসেবে থাকছেন শাকিব-জয়া। আসছে সেপ্টেম্বর নাগাদ এই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও শামীম শাহেদের ভিন্নমাত্রার ছবি ‘জলবালিকা’তেও অভিনয়ের কথা রয়েছে। সব মিলিয়ে চলতি বছরে জয়ার এখনও কোন চলচ্চিত্র মুক্তি না পেলেও শুটিং করছেন বিরামহীন। প্রেক্ষাগৃহে যার প্রতিধ্বনি মিলবে চলতি বছরের শেষ থেকে আগামী বছরজুড়ে। জয়ার ভাষায়, এই বছরটা আমার জন্য বেশ বর্ণিল। কারণ, কোন ছবি মুক্তি না পেলেও বছরের শুরু থেকে এখন পর্যন্ত কাজের স্বীকৃতি ঘরে তুলছি আর আপন মনে শুটিং করে যাচ্ছি। আশা করছি এই এক বছর বিরতির পর ‘জিরো ডিগ্রি’ এবং ‘পারলে ঠেকা’ দিয়ে সারপ্রাইজ দেবো সবাইকে। আমি সেই অপেক্ষাতেই আছি।

No comments:

Post a Comment