Saturday, May 10, 2014

সাত খুনের ঘটনায় গণশুনানি ১২ ও ১৫ই মে

কাউন্সিলর নজরুল ইসলামসহ নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আগামী ১২ ও ১৫ই মে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি করবে। সকাল ১০টায় ওই শুনানি শুরু হবে। এতে ঘটনার বিষয়ে যে কেউ সাক্ষ্য দিতে পারবেন। শনিবার তদন্ত কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গণশুনানিতে অংশ নিয়ে সাক্ষ্য দিতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত তারিখ ও সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আজ নিহত ব্যক্তিদের স্বজনদের সাক্ষ্য নিতে শুরু করেছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষ্য নেয়া শুরু হয়। সাক্ষ্য দেয়ার সময় নিজেদের নিরাপত্তা দাবি করে স্বজনরা অভিযুক্ত তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা বলেন। একইসঙ্গে মামলার আসামিদের গ্রেপ্তারে এখন পর্যন্ত কোন অগ্রগতি না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। নিহত নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলাম বলেন, যে র‌্যাব সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি। তারা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তাদের গ্রেপ্তার করলেই অনেক তথ্য পাওয়া যাবে।

No comments:

Post a Comment