নাগরিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্র ব্যর্থ
হয়েছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল
হোসেন। আইনজীবী চন্দন সরকার স্মরণে আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা
আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত শোকসভায় ড. কামাল হোসেন এ কথা বলেন।

তিনি
বলেন, সবার নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকার সে
দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে নানা
অভিযোগ উঠছে। গণফোরামের সভাপতি বলেন, ‘সাত খুনের মতো একটি বড় ঘটনায় এসপি,
ওসিকে বদলি করেই সমস্যার সমাধান সম্ভব নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের
আওতায় আনতে হবে।’ তিনি বলেন, ‘চন্দন সরকারসহ সাতজনকে হত্যার ঘটনায় বিচারের
দাবিতে নারায়ণগঞ্জের আইনজীবীরা যেভাবে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন, তা
আমাকে আশান্বিত করেছে। এই ঐক্যের চেতনা ছড়িয়ে পড়ুক সারা দেশে। জনগণ হচ্ছে
দেশের মালিক। তাই সচেতন মালিকদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সংবিধান সমুন্নত
রেখে দেশ পরিচালনায় বাধ্য করতে হবে। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দলীয়
দৃষ্টিভঙ্গি বন্ধ করতে হবে। চন্দন সরকারের মৃত্যু আমাদের জাগ্রত করেছে।’
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘চন্দন সরকার
নিখোঁজ হওয়ার পর আমরা র্যাবের অফিসে গিয়েছি। এসপি, ডিসির কাছে গিয়েছি। কোনো
সাড়া বা সহযোগিতা পাইনি। শুধু র্যাবের সিওকে প্রত্যাহার করলেই হবে না, সব
সদস্যকে প্রত্যাহার করতে হবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা নারায়ণগঞ্জ
থেকে কোটি টাকা নিয়ে গেছে, তদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে হবে।’ সভা শেষে
আইনজীবীরা প্রতিবাদ মিছিল বের করেন। পরে ড. কামাল হোসেন চন্দন সরকারের
বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
No comments:
Post a Comment