Monday, May 12, 2014

‘র‌্যাব এখন ভাড়াটে খুনি’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)কে ‘ভাড়াটে খুনি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, র‌্যাব মানুষের জীবন রক্ষার পরিবর্তে জীবন হরণ করছে। তারা ভাড়াটিয়া খুনির মতো টাকা নিয়ে মানুষ খুন করছে।
তাই এই বাহিনীর আর প্রয়োজন নেই। এটা এখন সময়ের দাবি। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আমরা র‌্যাব তৈরি করেছিলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করার জন্য। অথচ আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশে র‌্যাবকে ব্যবহার করছে। তারা র‌্যাব দিয়ে বিরোধী দলকে দমনের চেষ্টা করছে। আসলে যারাই গণতান্ত্রিক আন্দোলন করতে চায় সরকার তাদেরকেই র‌্যাব দিয়ে গুম করাচ্ছে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে দায়ী করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সাত খুনের দায় সরকার ও প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ সরকার ও প্রধানমন্ত্রীর নির্দেশেই র‌্যাব হত্যাকা-গুলো ঘটিয়েছে। অবিলম্বে দেশব্যাপী চলমান গুম-খুনের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। মির্জা আলমগীর অভিযোগ করেন, আমরা বারবার বলে আসছিলাম, বিএনপি নেতা চৌধুরী আলম ও এম ইলিয়াস আলীকে র‌্যাবই ধরে নিয়ে গেছে। কিন্তু সরকার কানে নেয়নি। নারায়ণগঞ্জের সাত খুনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, সরকারের নির্দেশে এই বাহিনীই চৌধুরী আলম-ইলিয়াস আলীসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে খুন-গুম-অপহরণ করেছে। গত ডিসেম্বরে রাজধানীর শাহীনবাগ থেকেও সাত বিএনপি নেতাকর্মীকে অপহরণ করা হয়, এদের এখনও কোন খোঁজ মেলেনি। সরকারের উদ্দেশে তিনি বলেন, পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এমন হুমকি দিয়ে লাভ নেই। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় বসে এখন হুমকি দিচ্ছেন। দেশে-বিদেশে অনেকে এমন হুমকি দিয়েছে কিন্তু জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেয়নি। আপনাদেরকে দেবে না। ক্ষমতা থেকে সরে যেতেই হবে। তিনি বলেন, নির্বিচারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের নেত্রীসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করা হলেও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের হার ক্রমেই বেড়ে চলেছে। কোন কোন বিএনপিকর্মীর বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মামলার কার্যক্রম হস্তান্তরের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পিলখানার বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে। সেখানে মামলার আদালত স্থানান্তর করা হয়েছে। শঙ্কিত মানুষকে এ অবস্থা থেকে রক্ষা করতে এবং খালেদা-তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলা বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠের বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে গণআন্দোলন গড়ে তুলতে ছাত্রদল কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সদ্যকারামুক্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment