Wednesday, May 7, 2014

গুম-খুন-অপহরণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি

অবিলম্বে গুম-খুন-অপহরণ বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে বিভিন্ন প্রগতিশীল ছাত্র-যুব ও পেশাজীবী সংগঠন। বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ ১৯টি গণসংগঠন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি কামাল লোহানী।
এতে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রাফিউর রাব্বি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফী রতন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, শ্রমিক নেতা আসলাম খান, হযরত আলী প্রমুখ। বক্তারা বলেন, কিছুদিন ধরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গুম, খুন, অপহরণের মতো ভয়াবহ অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, চাকরীজীবীসহ সমাজের নানা স্তরের, নানা শ্রেণী-পেশার মানুষ এসব অপরাধের শিকার হচ্ছেন। তারা বলেন, সর্বশেষ নারায়ণগঞ্জে একজন প্যানেল মেয়র ও আইনজীবীসহ সাতজনকে অপহরণ করে খুনের ঘটনা সারাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। এসব ঘটনায় জড়িতরা দ্রুত শাস্তি না পেলে অদূর ভবিষ্যতে দেশের সার্বিক পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রকাশ করেন তারা। প্রতিবাদ সমাবেশের অংশ নেওয়া সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গার্মেন্টস শ্রমিক টিইউসি, প্রগতি লেখক সংঘ, পরিবেশ বীক্ষণ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, রাজু বিতর্ক অঙ্গন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বিপ্লবীদের কথা, প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়ন, বস্তীবাসী ইউনিয়ন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। উদীচীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

No comments:

Post a Comment