ঘাসের কোর্টে দুর্বার পাওয়ার টেনিস দেখিয়ে
ডব্লিউটিএ সার্কিটে আবির্ভাব মারিয়া শারাপোভার। মাত্র ১৭ বছর বয়সে
শারাপোভা উইম্বলডন শিরোপা জিতে নিয়ে দেখান চমক। তবে কাঁদামাটির লাল টেনিস
কোর্টে তার নৈপুণ্য নিয়ে ক্যারিয়ারে আলাদা কৌতুক শুনছিলেন শারাপোভা।
সমালোচকরা বলছিলেন- ‘ক্লে কোর্টে শারাপোভার নড়াচড়া দেখে বরফের ওপর গরু
বিচরণের ছবি মনে পড়ে’। তবে এসব সমালোচনা শারাপোভার কাছে আপাতত অতীতের গল্প।

টেনিস
কোর্টে বড় মঞ্চে নিজের অদম্য মানসিকতা আরেকবার দেখালেন মারিয়া শারাপোভা।
আর কাঁদামাটির কোর্টে লাগাতার সাফল্যে ২৭ বছরের শারাপোভা এবার শুনছেন
‘ক্লে কোর্টের রানি’ খেতাব। রোববার মারিয়া শারাপোভা জিতে নিলেন এবারের
মাদ্রিদ ওপেন শিরোপা। এতে ক্লে কোর্টে শারাপোভা পেলেন টানা ১১ জয় । ক্লে
কোর্টে এটি শারাপোভার তৃতীয় সর্বাধিক নবম শিরোপা। সর্বাধিক ১০ শিরোপার
কৃতিত্ব কেবল মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস ও স্পেনের ইসাবেল মেদিনার।
২০১১ থেকে ক্লে কোর্টে মাত্রই তিনবার হার মানেন শারাপোভা। তিনবারই
শারাপোভার হার এক নম্বর খেলোয়াড় সেরেনার কাছে। ফাইনালে প্রথম সেট হেরেও
দারুণ প্রত্যাবর্তনে এবারের মাদ্রিদ ওপেন শিরোপা জিতে নিলেন এ রুশ তারকা।
রোববার ফাইনালে শারাপোভা রুমানিয়ার সিমোনা হালেপকে হারান ১-৬, ৬-২ ও ৬-৩
সেটে। গত ১২ মাসে টেনিসে ২২ বছরের হালেপের উত্থানটা আলাদা নৈপুণ্যের। এ সময়
৭ শিরোপা জিতে নিয়ে র্যাঙ্কিংয়ে ৫০ থেকে হালেপ উঠে আসেন মর্যাদার ৫
নম্বরে। গত মাসে পোর্শে ওপেনের ফাইনালে প্রথম সেটে হার নিয়েও শেষ পর্যন্ত
শিরোপা হাতে তোলেন শারাপোভা। স্টুটগার্টে ওই ফাইনালে সাবেক এক নম্বর তারকা
সার্বিয়ার আনা ইভানোভিচকে শারাপোভা হারান ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে।
No comments:
Post a Comment