জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সভাপতি এফ. এম. শরিফুল ইসলামের
নেতৃত্বে সাংবাদিকদের উপর দু’দফা হামলার ঘটনায় তদন্ত কমিটি করেছে
বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

এছাড়াও
সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে ছাত্র সংগঠনের নেতাদের ‘অনাকাঙ্খিত ঘটনার’
জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান দুঃখ প্রকাশ
করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনা তদন্তে পদার্থ বিজ্ঞান
বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা
হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড
ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম।
তাদেরকে দশ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি ঘটনার
সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার
পুনরাবৃত্তি না হয় সেজন্য সুপারিশ করবে। এ কমিটিতে জনসংযোগ, তথ্য ও
প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক হোসেন সার্বিক সহযোগিতা করবেন বলে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সোমবার দুপুরে উপাচার্যের সভাকক্ষ ও প্রক্টর
কার্যালয়ে শরিফুল ইসলামের নেতৃত্বে কানন, রিয়ান, সাইমন, রনি, আসাদসহ
অর্ধশতাধিক ছাত্রলীগকর্মী সাংবাদিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
No comments:
Post a Comment