Tuesday, May 6, 2014

ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ শিল্প পার্ক দরকার

সৃজনশীল ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্যে বিশেষ শিল্প পার্ক স্থাপন করা দরকার বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, বিশেষ শিল্প পার্ক স্থাপনে সরকারকে নজর দিতে হবে। কারণ পুঁজি ও কারিগরি সামর্থ্যের অভাবে ভারী শিল্প উন্নয়ন হয়নি। মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
ড. আতিউর রহমান বলেন, অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে এসএমই সারা বিশ্বেই স্বীকৃত। আর এই গ্রোথ ইঞ্জিনকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে দরকার এসএমই ব্যাংকিং। আমরাও চাই ব্যাংকগুলো নতুন ব্যবসায়িক মডেল হিসেবে ‘এসএমই ব্যাংকিং’-কে অগ্রাধিকার দেবে। তারা নিজেরা মুনাফা করবে, এসএমই উদ্যোক্তাদেরও বেড়ে ওঠার সুযোগ দেবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ভারী শিল্প দেশে এখনো বিকাশ লাভ করেনি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে পুঁজি ও কারিগরি সামর্থ্যের অভাব। তবে ভারী শিল্প বিকাশ লাভ না করলেও আমরা থেমে থাকিনি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে স্থায়ী ও চলতি পুঁজির প্রয়োজন মেটাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নতুন নতুন এসএমই প্রোডাক্ট নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, দেশে একটি এসএমই ব্যাংকিং-বান্ধব প্রতিবেশ সৃষ্টি করতে হবে। এ কারণেই এসএমই ব্যাংকিংয়ের জন্যে বাংলাদেশ ব্যাংক বেশকিছু প্রণোদনা দিয়েছে। অশ্রেণীকৃত এসএমই ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণে সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উদ্যোগে এ ধরনের ক্রেডিট গ্যারান্টি স্কীম চালু করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মোঃ ইহসানুল করিম, বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরীসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment