Tuesday, May 13, 2014

আ.লীগ একদলীয় শাসন কায়েম করেছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭২-১৯৭৫ সালের মতো এখন আবার ভিন্নমতাবলম্বীদের রাতের বেলা তুলে নিয়ে হত্যা করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কার্যত একদলীয় শাসন কায়েম করেছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ১৯-দলীয় জোটের শরিক দল খেলাফতে মজলিসের দায়িত্বশীলদের বর্ধিত সভার সমাপনী অধিবেশনে মির্জা ফখরুল এসব কথা বলেন। 
খালেদা জিয়ার নারায়ণগঞ্জ যাওয়া নিয়ে মন্ত্রীদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি গণতন্ত্র ও মানুষের কথা বলেন। খালেদা জিয়া ১৬ কোটি মানুষের আশা-ভরসার স্থল, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। র্যাব এখন জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যে বাহিনীর জীবন রক্ষা করার কথা, তারা জীবন হরণ করছে। টাকার বিনিময়ে মানুষ হত্যা করছে। র‌্যাবের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, র‌্যাবের প্রয়োজন নেই। দেশের বর্তমান পরিস্থিতিকে স্বাধীনতা-পরবর্তী সময়ের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, তখন রক্ষীবাহিনী তৈরি করা হয়েছিল। তারা ভিন্নমত পোষণকারীদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে খালে-বিলে ফেলে দিত। এখনো একই কায়দায় ভিন্নমত পোষণকারীরা সভা করতে গেলে নির্বিচারে গুলি করা হচ্ছে, রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। চট্টগ্রামে জামায়াতে ইসলামীর আমিরসহ ২১ জনকে গ্রেপ্তারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘তাঁদের একটি আদর্শ আছে, নীতি আছে। তাদের অফিস বন্ধ করে রাখা হয়েছে।’ এ অবস্থায় জোটের শরিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদার  করার ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন সরকার জোটে বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই।খেলাফতে মজলিসের সভাপতি মুহাম্মদ ইসহাক বলেন, এ সরকারের বিদায় এমন নির্মম হবে যে মানুষ হয়তো আর আওয়ামী লীগের নাম নিতেও সাহস করবে না। এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক এলে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

No comments:

Post a Comment