আকাশে উড়তে উড়তে নরম বিছানায় আয়েশ করে একটু গড়িয়ে নেওয়া, বড় পর্দায় টিভি
দেখা, ছোট পানশালায় বসে গলাটা একটু ভিজিয়ে নেওয়া—এমন সব আয়োজনই আছে ওই
উড়োজাহাজে। অভিজাত শ্রেণীর বিলাসী যাত্রীদের জন্য এ আয়োজন রয়েছে আরব
আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজের উড়োজাহাজে। আজ রোববার থেকে এয়ারওয়েজটি
যাত্রীদের জন্য বিলাসবহুল এই স্যুট অফার করবে। এপি অনলাইনের প্রতিবেদনে
ইতিহাদের প্রধান নির্বাহী জেমস হোগান বলেন, এবারই প্রথমবারের মতো এই
এয়ারওয়েজ কয়েকটি কক্ষবিশিষ্ট স্যুট উপহার দিচ্ছে যাত্রীদের।

ইতিহাদ
এয়ারওয়েজের প্রতিযোগী এমিরেটসে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশাল হলঘর
রয়েছে। কিন্তু ইতিহাদের এ৩৮০এস সবকিছু ছাপিয়ে গেছে। ইতিহাদের ডবল ডেকার
এয়ারবাসের একটি তলা শুধু প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।
সেখানে রয়েছে একটি বিশাল হলঘর। তার পাশে রয়েছে শয়নকক্ষ। সেটি প্রায় দুটি
ঘরের সমান। আছে ব্যক্তিগত শৌচাগারও। সেখানে আছে শাওয়ারে গোসল করার
ব্যবস্থা। স্যুটে যাত্রীদের জন্য আছেন লন্ডনে প্রশিক্ষিত একজন খানসামা।
ডাকলেই হাজির হবেন তিনি। বিশ্বের দামি হোটেলের সব সেবাই পাওয়া যাবে
এ৩৮০এস-এ। ইতিহাদ আশা করছে, ডিসেম্বর থেকে আবুধাবি থেকে লন্ডনে যেতে তারা
এ৩৮০এসের মতো সেবা চালু করতে পারবে। তবে আকাশে উড়তে উড়তে এত সব বিলাসে গা
ভাসাতে চাইলে খরচটা বেশিই পড়বে। আবুধাবি থেকে লন্ডন যেতে একজন যাত্রীকে খরচ
করতে হবে ২১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ ১৭ হাজার।
No comments:
Post a Comment