ভারতে ষোড়শ লোকসভা নির্বাচনের শেষ
রাউন্ডের ভোট গ্রহণ শেষ হল পশ্চিমবঙ্গ-সহ উত্তরপ্রদেশ ও বিহারের মোট ৪১টি
আসনে৷ তবে গোটা দেশের নজর ছিল বারাণসীর তিন হেভিওয়েট প্রার্থীর দিকেই৷
উত্তর প্রদেশের প্রাচীন এই জনপদে সোমবার অগ্নিপরীক্ষা হয়ে গেল বিজেপির
প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর৷ পাস-ফেল রেজাল্ট ১৬ মে।

মোদীর
প্রতিপক্ষ দুই হেভিওয়েট নেতা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও
কংগ্রেসের অজয় রাই৷ বারাণসী কেন্দ্রে জয় হলে প্রধানমন্ত্রীর মসনদ দখলের
লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবেন নরেন্দ্র মোদী৷ গুজরাট মুখ্যমন্ত্রীর জয়
নিশ্চিত ধরে নিয়েই এখন প্রস্তুত হচ্ছে বিজেপি৷ তবে কত ব্যবধানে মোদী জয় পান
তা দেখতেই এখন মুখিয়ে আছে সবাই৷ তিন হাজার বছরের পুরনো বারাণসী শহর থেকে
এই প্রথম কোনও প্রার্থী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন৷ বারাণসীতে প্রতি
ছ'জনের মধ্যে একজন মুসলিম ভোটার৷ মোদীর জয় সহজ করতে কাশীর গলিতে গলিতে
মোদী-ঝড় তুলেছিল বিজেপি কর্মীরা৷ একইসঙ্গে তাদের বিরুদ্ধে মেরুকরণের
অভিযোগও উঠেছে৷ মোদী সোমবার বারাণসীতে না এলেও টুইটারে নতুন ভোটারদের ভোট
দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন৷ বারাণসীর ১৫৬২টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট
করাতে প্রায় ৪৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়৷ সোমবার সকাল সাতটায়
রামনগর বুথে প্রথম ভোট দেন বারাণসীর রাজা অনন্ত নারায়ণ সিং৷ এরপরেই পৌঁছে
যান অজয় রাই৷ কংগ্রেসের ‘হাত' চিহ্ন দেওয়া ব্যাজ পরে ভোট দিতে আসায় তাঁর
বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে৷ অজয়ের দাবি, গান্ধীনগরে
নরেন্দ্র মোদীও ভোট দেওয়ার সময় ‘পদ্ম' চিহ্ন নিয়ে ভোট দিতে গিয়েছিলেন৷
কিন্তু তাঁর ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয়নি৷ অন্যদিকে এদিন
বিতর্কিত আজমগড় কেন্দ্রে ভাগ্যনির্ধারণ হচেছ সমাজবাদী পার্টির নেতা মুলায়ম
সিং যাদবের৷ রাজ্যজুড়ে মোদী-হাওয়া থাকলেও বিজেপি সবার ভোট কাড়তে পারবে না
বলে দাবি মুলায়ম সমর্থকদের৷ সোমবার পশ্চিবঙ্গ রাজ্যে শেষ দফায় ১৭টি
কেন্দ্রে ভোট হল৷ বিক্ষিপ্ত সহিংসতার কিছু ঘটনা ছাড়া ভোটপর্ব শেষ হয়
শান্তিতেই৷ দুপুর বারোটা পর্যন্ত এই ১৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৪১.২৬ শতাংশ৷
ভোট শান্তিপূর্ণ করে তুলতে সকাল থেকে এই কেন্দ্রগুলিতে পুলিশ ও কেন্দ্রীয়
বাহিনী ছিল অত্যন্ত তত্পর৷ যদিও কয়েকটি এলাকা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর
এসেছে৷ সংঘর্ষে বিভিন্ন্ দলের কুড়িজনেরও উপর আহত হয়েছেন৷ গোলমালের খবর
পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ গরম উপেক্ষা করেও
প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে লাইন দিয়েছেন ভোটাররা৷ বিশেষ করে নতুন
প্রজন্মের ভোটারদের মধ্যেও ভোট দেওয়ার উত্সাহ ছিল দেখার মতো৷ লোকসভা
নির্বাচনের নবম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গের ১৭টি, বিহারের ছটি ও
উত্তরপ্রদেশের ১৮টি কেন্দ্রে নির্বাচন হয়৷ বিহারের ৯০ জন প্রার্থীর মধ্যে
দুই হেভিওয়েট প্রার্থী হলেন পরিচালক প্রকাশ ঝা৷ পশ্চিম চম্পারণ কেন্দ্র
থেকে জেডি(ইউ)-এর হয়ে লড়ছেন তিনি৷ অন্যদিকে আরজেডির টিকিটে বৈশালী আসনে
ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং-এর৷
No comments:
Post a Comment