Friday, October 17, 2014

পিয়াস করিমের দাফন সম্পন্ন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. পিয়াস করিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বাদ জুমা দ্বিতীয় জানাজ সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মো. সালাহউদ্দিন। জানাজা শেষে এ শিক্ষাবিদের লাশ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়। সেখানে সর্বস্তরের জনতা তাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজার আগে জুমার নামাজের শেষে পিয়াস করিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকাল ১০টার দিকে এ শিক্ষাবিদের লাশ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে ধানমন্ডিতে তার বাসভবনে নেয়া হয়। সেখানে তাকে নিকটজন, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ প্রতিনিধিসহ অন্যরা শ্রদ্ধা জানান। ধানমন্ডিতে অধ্যাপক পিয়াস করিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ফরহাদ মজহার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং কলা অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. সদরুল আমিন, ঢাবি শিক্ষক সমিতির সহসভাপতি ড. আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সলিমুল্লাহ খান, প্রফেসর ড. আসিফ নজরুল, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম, ড. আসাদুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. এজেড এম জাহিদ হোসেন, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ও নুর মোহম্মদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ড. তুহিন মালিক, বিএনপি নেতা শরাফত আলী শফু, মহিলাদল সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিশিষ্ট গীতিকার ও চলচিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, হেলাল খান, বিএনপির শ্যামা ওবায়েদ, বিডি রহমতুল্লাহ, বাম নেতা জোনায়েদ সাকী, ছড়াকার আবুল সালেহ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক এমাজউদ্দন আহমদ বলেন, অধ্যাপক পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে না দেয়া অন্যায় হয়েছে। তার লাশ শহীদ মিনার বহন করতে পারত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তার লাশ শহীদ মিনারে নিতে না দেয়া রাজনৈতিক হীনমন্যতা। অধ্যাপক পিয়াস করিম গণমানুষের কথা বলেছেন এবং তিনি তার নিজ যোগ্যতাবলে দ্রুত জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছিলেন।
এর পর ধানমন্ডির ৭নং রোডের বায়তুল আমান জামে মসজিদে ড. পিয়াস করিমের প্রথম জানাজা হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষ এ জানাজায় অংশ নেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় শরিক হন। এদিকে, বায়তুল মোকাররমে ড. পিয়াস করিমের জানাজার শুরুতে তার ছোট ভাই জহির করিম সবার কাছে তার বড় ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি ড. করিমের পক্ষ থেকে তার কোনো ভুল-ত্রুটি থাকলে সবাইকে ক্ষমা করে দেয়ার জন্যও অনুরোধ করেন।

No comments:

Post a Comment