Friday, October 17, 2014

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা, কুমিল্লার দাউদকান্দি ও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আজ শুক্রবার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন।

টাঙ্গাইল: ঘারিন্দায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ভাইবোন পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে চারটার দিকে ঘারিন্দায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনায় অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দাউদকান্দি: সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর ওপর যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক গজারিয়া উপজেলার চরবাউশিয়া গ্রামের সিরাজ মিয়া (৪৫) ও যাত্রী গুয়াগাছিয়া বালুচর গ্রামের সালেহা বেগম (৪০)। এ ঘটনায় অটোরিকশার অজ্ঞাত এক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, লাশ দুটি ভবেরচর হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া: সকাল ১০টার দিকে মিরপুরের গোবিন্দপুর এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিপ্লব শেখ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিপ্লব স্থানীয় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, বিপ্লব সকালে বাড়ির পাশে ওই সড়কে সাইকেল চালাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বিপ্লব রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, বিপ্লব উপজেলার গোবিন্দপুর গ্রামের সেজান শেখের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে।

No comments:

Post a Comment