Tuesday, October 14, 2014

হুদহুদে লন্ডভন্ড অন্ধ্র, নিহত ২২

ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত ২২ জন মারা গেছে। চাহিদার তুলনায় দুষ্প্রাপ্যতার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। ১০ লিটারের পানির ক্যান বিক্রি হয়েছে আড়াই হাজার রুপিতে।

পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, হুদহুদের কারণে বিশাখাপট্টনামে ১৫ জন, ভিজিয়ানাগারামে ছয়জন ও শ্রীকাকুলামে একজন মারা গেছে। এ ছাড়া ছয় হাজার ৬০০টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং এক হাজার ৭৮০টি গবাদিপশু মারা গেছে। গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে পড়েছে। নিরাপদ আশ্রয় এবং খাওয়ার পানির জন্য দুর্গত লোকজন হাসপাতালে ভিড় করছেন।
এ দুর্যোগের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রাস্তার পাশের দোকানগুলোতে যে টমেটো ভাত ২৫ রুপিতে বিক্রি হয়, সেগুলো এখন বিক্রি হচ্ছে ৫০ রুপিতে। তবে সবাই যে কিনে খেতে পারছে, তা নয়। দুধসহ অন্যান্য নিত্যপণ্যের দামও অনেক বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেট্রলপাম্পে তেল বিক্রির হার সীমিত করা হয়েছে।

No comments:

Post a Comment