Tuesday, October 14, 2014

বালোতেল্লি ‘পচা আপেল!’

মারিও বালোতেল্লি যে সান সিরো ছেড়েছেন এই আনন্দেই আত্মহারা সিলভিও বেরলুসকোনি। মিলান সভাপতির মতে, তাঁর দল নাকি একটা ‘পচা আপেলে’র দুর্গন্ধ থেকে রেহাই পেয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইতালির এই খ্যাপাটে স্ট্রাইকারকে এসি মিলানে নেওয়া হয়েছিল নাকি তাঁর মতামত উপেক্ষা করেই। বালোতেল্লির ওপর এমন ক্ষুব্ধ কেন বেরলুসকোনি? ইতালির সাবেক এই প্রধানমন্ত্রীর মন্তব্য কী বালোতেল্লির বিপক্ষে নতুন করে ‘বর্ণবাদ’ উসকে দিল না! বেরলুসকোনি অবশ্য বালোতেল্লিকে কেন ‘পচা আপেল’ বলছেন তার বিশদ কোনো ব্যাখ্যা দেননি। তবে এটা অনুমান করে নেওয়া যায়, শৃঙ্খলাজনিত বিভিন্ন সমস্যার কারণেই বালোতেল্লিকে মনে-প্রাণেই অপছন্দ করেন ইতালীয় ফুটবলের অন্যতম শক্তিমান এই পুরুষ।

বালোতেল্লিকে এসি মিলানে কেন নেওয়া হয়েছিল সভাপতি হয়েও নাকি তা জানেন না বেরলুসকোনি, ‘আমি জানি না, ওকে কেন এসি মিলানে নেওয়া হয়েছিল। যতদূর মনে পড়ে, ওর নাম উত্থাপিত হতেই আমি আমার আপত্তি জানিয়েছিলাম। কিন্তু তার পরও ওকে কেন নেওয়া হলো, সেটা রহস্যাবৃতই।’
ইতালীয় ক্রীড়া দৈনিক গেজেত্তা দেল্লো স্পোর্তোর কাছে এসি মিলানের বর্তমান দলটি নিয়ে তিনি নিজের স্বস্তির কথাই জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমি আমার দল নিয়ে দারুণ খুশি। এই দলে দারুণ কিছু খেলোয়াড় আছে। আমাদের আছে তোরেস, নাইজেল ডি জং, জার্মেই মেনেজ, কেইসুকে হোন্ডা ও এর শারাওয়ির মতো ফুটবলার। আশা করছি, আমরা এবার হারানো গৌরব ফিরে পাব।’
বালোতেল্লিকে নিয়ে তাঁর ক্ষুব্ধতা কোন জায়গায়, সেটা বোঝা যাবে পরের উক্তিতেই, ‘এই মৌসুমে পচা আপেলটা আমাদের ড্রেসিংরুমে থাকবে না, এটা আমার কাছে স্বস্তি।’ তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগির এসি মিলান চ্যাম্পিয়নস লিগেও ভালো করা শুরু করবে, ‘ফুটবল একটি চক্র। এখানে উত্থান-পতন থাকবে। একটা সময় আমরা রাজত্ব করেছি। চক্রটি কিন্তু ঘুরছে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসতে সম্ভব সবকিছুই করছি। আশা করছি, সেই পুরোনো মিলানকে খুব তাড়াতাড়িই দেখবে সমর্থকেরা।’

No comments:

Post a Comment