Sunday, August 9, 2015

মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ সুরাইয়ার সেরে উঠতে সময় লাগবে

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ ছোট্ট সুরাইয়া কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। সময়ের আগেই তার জন্ম। হৃদ্যন্ত্রে কিছু সমস্যাও আছে। এসব কারণে সে দ্রুত সেরে উঠছে না। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা প্রথম আলোকে এ কথা বলেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নাজমা বেগমের পেটে গুলি লাগে। এতে তাঁর গর্ভে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। মাগুরায় চিকিৎসা শেষে প্রথমে শিশুকে ও পরে মা নাজমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। প্রথমে মেডিকেলের নিবন্ধন খাতায় শিশুটির নাম ‘বেবি অব নাজমা’ লেখা ছিল। পরে শিশুটির নাম দেওয়া হয় সুরাইয়া। ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিন বলেন, সুরাইয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিনই আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। শিশুটির প্রধান সমস্যা তার ওজন কম। হৃদ্যন্ত্রেও সমস্যা আছে। কেবিন থেকে দুই ঘণ্টা পরপর তার মা এসে তাকে স্তন্য পান করিয়ে যাচ্ছেন। তবে কবে তাকে মায়ের কেবিনে দেওয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

No comments:

Post a Comment