Monday, August 3, 2015

সাতকানিয়া আদালত এলাকা: সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালত ভবন এলাকা। জলমগ্ন হয়ে পড়ে আদালতের মাঠ, অভ্যন্তরীণ সড়ক ও বিচারকদের আবাসিক ভবনের চারপাশ। ফলে দুর্ভোগ পোহান আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীরা। ব্যাহত হয় আদালতের স্বাভাবিক কার্যক্রম।
এখানে সাতকানিয়া যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ এবং লোহাগাড়া সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম চলে।
গত ২৯ জুলাই সরেজমিনে দেখা গেছে, আদালত ভবনের বারান্দায় এক ফুটের মতো পানি জমে আছে। তা ছাড়া আদালতের মাঠে জমে আছে হাঁটুপানি । আইনজীবী ও বিচারপ্রার্থী ব্যক্তিরা ওই জমে থাকা পানি মাড়িয়ে আদালত ভবনে প্রবেশ করছেন। বিচারকদের আবাসিক ভবন এলাকার চারপাশেও পানি। ওই আবাসিক ভবন এলাকায় যাওয়ার সড়কটিও পানিতে ডুবে আছে।
উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি থেকে আসা বিচারপ্রার্থী মো. আলিম উল্লাহ বলেন, ২০১২ সাল থেকে সাতকানিয়া আদালতে আসা-যাওয়া করছি। প্রতিবছর বর্ষাকালে আদালত ভবন এলাকা ও আশপাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিচারপ্রার্থীসহ আদালতসংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
আইনজীবী হাফিজুল ইসলাম মানিক বলেন, পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই আদালত ভবন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আদালতের কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আদালত এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা নাজুক। পানিনিষ্কাশনে ভরসা সরু একটি নালা। তাও আবর্জনায় ভরাট হয়ে থাকে।
লোহাগাড়া সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার শ্যামল দত্ত জানান, আদালত ভবন ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারণে প্রায় সময় আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তা ছাড়া টানা কয়েক দিনের বৃষ্টিতে আদালত ভবনের ভেতরেও হাঁটুপানি জমে। এতে অনেক সময় প্রয়োজনীয় নথিপত্র ভিজে নষ্ট হয়ে যায়। ফলে কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত থাকলেও জলাবদ্ধতার কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকে।
সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনকল্পে পৌরসভা কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে। তার পরও তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, সাম্প্রতিক বন্যার সময় প্রায় পুরো পৌর এলাকা পানিতে তলিয়ে যায়। কয়েক দিন পর সব এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও আদালত এলাকায় জলাবদ্ধতা থেকে গেছে।
জানতে চাইলে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, সম্প্রতি আদালতের পাশের সরু নালাটি পরিষ্কার করা হয়েছে। তা ছাড়া আদালত ভবন, আশপাশের বাণিজ্যিক ও আবাসিক এলাকার পানি নিষ্কাশনের জন্য নতুন করে নালা তৈরির পরিকল্পনা আছে।

No comments:

Post a Comment