Thursday, August 6, 2015

আ.লীগের সামনে প্রতিপক্ষ নেই: নাসিম

আওয়ামী লীগের সামনে এখন কোনো প্রতিপক্ষ নেই বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিপক্ষ খুব দুর্বল হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নাম হয় এমন কোনো কাজ না করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ কামালের ৬৬ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমাদের সামনে কোনো প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষ খুব দুর্বল হয়ে গেছে। আর প্রতিপক্ষ না থাকলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধ শুরু হয়ে যায়। ১৯৭৫ সালেও এমন হয়েছিল। আর সেই সুযোগ পেয়ে বিশ্বাসঘাতকতা করেছিলে মোশতাক ও জিয়ার মতো বেইমানরা। তাই প্রতিপক্ষকে দুর্বল মনে করে আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি তাহলে আমাদের সামনে বিপদ আসবে। এ কারণে সুযোগসন্ধানীদের দল থেকে বের করে দিতে হবে। ত্যাগী-পরীক্ষিত সাহসী কর্মীদের রাখতে হবে। মনে রাখতে হবে, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনার দুর্নাম হয় এমন কোনো কাজ করা যাবে না।’
১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, সামনে আরও কঠিন ও চ্যালেঞ্জিং সময় আসছে। সুখের দিন নেই, আত্মতৃপ্তিরও কোনো সুযোগ নেই। যদিও আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছি। কিন্তু আগামী দিনগুলোতে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে আবারও ১৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, শেখ হাসিনা শোককে শক্তিতে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক অসাধ্য কাজ করে যাচ্ছেন। তিনি সব বাধা-বিপত্তি উপেক্ষা করে একাত্তরের ঘাতকদের বিচার করছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন।
নাসিম বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার। ২০১৪ সালের আগেও বলেছি, এখনো বলছি—সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে আগামী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা চাই সেই নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। আওয়ামী লীগ শেখ হাসিনার অর্জন নিয়ে জনগণের কাছে যাবে। ভোটাররা যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে। তিনি আরও বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে বিকল্প কিছু নেই। জ্বালাও-পোড়াও কিংবা হুমকি দিয়ে যে কোনো লাভ হবে না, তা তারা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।

No comments:

Post a Comment