Monday, August 3, 2015

বন্ধুদের মধ্যে প্রশ্ন ফাঁস, আটক ৬: ডিবি

প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে যশোর থেকে
ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: ফোকাস বাংলা
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে যশোর থেকে গতকাল রোববার ছয় ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ও যশোরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। ডিবির দাবি, আর্থিক লেনদেন ছাড়া বন্ধুদের মধ্যে তাঁরা প্রশ্নপত্র ফাঁস করত।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব কথা জানান। গ্রেপ্তার ছাত্রদের কাছ থেকে ট্যাব, ছয়টি মুঠোফোন সেট, মুঠোফোনের মেমোরি জব্দ করেছে ডিবি। ওই মেমোরিতে প্রশ্নপত্র রাখা ছিল। গ্রেপ্তার হওয়া ছাত্ররা হলেন সুমন আহমেদ, আব্দুর রহমান, আব্দুর রহমান ওরফে লিটন, এস এম তানভীর আলম, জনি রহমান ও আরাফাত হোসেন।
মনিরুল ইসলামের ভাষ্য, ছাত্রদের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ তাঁরা পাননি। তাঁদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেসবুক) আইডি আছে। এসব ব্যবহার করে বন্ধুদের মধ্যে তাঁরা প্রশ্নপত্র ফাঁস করেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে গ্রেপ্তার ছাত্রদের রিমান্ডে নেওয়া হবে। তাঁদের ফেসবুক আইডি নজরদারিতে রাখা হয়েছে।
ডেমরায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩ শিক্ষক আটক
ডিবির একই ব্রিফিংয়ে জানানো হয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল ডেমরার গোলাম মোস্তফা মডেল নামে একটি বেসরকারি কলেজের তিনজন শিক্ষককে তাঁরা আটক করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে তাঁরা জড়িত বলে ডিবির দাবি।

No comments:

Post a Comment