Friday, August 7, 2015

প্রবাসীর স্বজনদের ৩০ দিনের মধ্যেই ক্ষতিপূরণ

বিদেশে মারা যাওয়া কর্মীর পরিবারের সদস্যদের ৩০ কর্মদিবসের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। এ ছাড়া এই ক্ষতিপূরণের জন্য দূতাবাসসহ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলায় যাতে কাউকে ভোগান্তিতে পড়তে না হয় সে ব্যাপারেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। বিদেশে কোনো বৈধ কর্মী মারা গেলে পরিবারের সদস্যরা তিন লাখ টাকা পান। দুর্ঘটনায় মারা গেলে একজন প্রবাসী যেখানে কাজ করতেন সেখান থেকে আর্থিক ক্ষতিপূরণ পান। কিন্তু এসব টাকা পেতে পরিবারে সদস্যদের বছরের পর বছর ঘুরতে হয়। প্রবাসীকল্যাণ মন্ত্রী এই মতবিনিময় সভায় এই ভোগান্তি বন্ধের নির্দেশনা দেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের যেসব ঘটনা দীর্ঘদিন ধরে ঝুলে আছে সেগুলোর তালিকা তৈরি করে বিলম্বের কারণ উল্লেখ করে দ্রুত মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে জমাকৃত ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ আগামী দুই মাসের মধ্যে মৃতের পরিবারকে পরিশোধ করে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ছাড়া ক্ষতিপূরণের টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার ও বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার ছাড়াও মন্ত্রণালয় এবং দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment