Friday, August 7, 2015

উদ্বোধনের আগেই ‘দখল’!

ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট নগরে প্রথমবারের মতো
নির্মাণাধীন পদচারী-সেতুটি। গতকাল তোলা ছবি -প্রথম আলো
উদ্বোধনের আগেই ব্যানার-ফেস্টুনের দখলে চলে গেছে সিলেটের প্রথম পদচারী-সেতু। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। এ কারণে অনেকটাই ম্লান হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী সিরিজের আদলে নির্মাণাধীন এই সেতুটির সৌন্দর্য। সরকারি দলের নেতা-কর্মীদের পদচারী-সেতুর রেলিং দখল করে ব্যানার-ফেস্টুন লাগানোর এ বিষয়টি ‘নিম্ন রুচির মানসিকতা’ বলে উল্লেখ করেছেন সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘কোনো শুভবোধ ও বিবেকবোধসম্পন্ন রুচিশীল মানুষ এ রকম নির্লজ্জ আত্মপ্রচারণায় মেতে উঠতে পারেন না।’
তবে এভাবে প্রচারণার বিষয়টি দৃষ্টিকটু হওয়ার কথা নয় বলে মন্তব্য করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন সাঁটিয়েছেন এই নেতা। তিনি বলেন, ‘পদচারী-সেতু নির্মাণ হচ্ছে হাঁটার জন্য আর ফেস্টুনটা লাগানো হয়েছে খুঁটিতে। এটি লাগানোয় পথচারীদের হাঁটায় কোনো সমস্যা হচ্ছে না।’
সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নগরের ব্যস্ততম কোর্টপয়েন্ট এলাকায় পদচারী-সেতুটির নির্মাণকাজ পরিচালনা করছে চট্টগ্রাম ড্রাইডক কোম্পানি। আর তত্ত্বাবধানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। গত ২০ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্মাণকাজের উদ্বোধন করেন।
সিলেটে প্রথমবারের মতো নির্মাণাধীন এ পদচারী-সেতুটির প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। সেতুতে হাতল স্থাপনের পাশাপাশি কিছু ঝালাই ও রং দেওয়ার কাজ বাকি। মাস খানেক পর অর্থমন্ত্রীকে দিয়ে পদচারী-সেতুটি উদ্বোধনের কথা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচারণা-সংবলিত ব্যানার, ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড, সদ্য নির্বাচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন থেকে শুরু করে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সাঁটানো বাহারি সব ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে সেতুটির রেলিং ও খুঁটি।
‘হৃদয়ে বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ব্যানারে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে অন্তত সাত গজ দৈর্ঘ্যের একটি ডিজিটাল ব্যানার সাঁটিয়েছেন শমসের বক্স। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। এ বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, কে বা কারা ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছে, এটা বড় কথা নয়। মূল কথা হলো এটি অনুচিত কাজ। শিগগিরই এসব ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান চালানো হবে।

No comments:

Post a Comment