Monday, August 3, 2015

মিয়ানমারে বন্যার অবনতি জাতিসংঘের সতর্কতা

বন্যার পানিতে ডুবে গেছে একটি বৌদ্ধমন্দির। মিয়ানমারের
সাগাইং অঞ্চলের একটি গ্রামের চিত্র l ছবি: রয়টার্স
মিয়ানমারে প্রবল মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২৭ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গতকাল রোববার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এর আগে বন্যা পরিস্থিতির অবনতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। খবর বিবিসির।
মিয়ানমার সরকার পশ্চিমাঞ্চলের চার জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। বন্যা মারাত্মকভাবে আঘাত হানা অনেক এলাকাতেই গতকাল পর্যন্ত কোনো উদ্ধারকারী দল পৌঁছায়নি। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কোমেনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত ক্ষয়ক্ষতি আরও বাড়িয়েছে। টানা বৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাট ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে বাস্তুছাড়া হয়েছে হাজারো মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় কার্যালয় গতকাল বলেছে, বন্যাকবলিত ১২ জেলায় প্রায় ১ লাখ ৫৬ হাজার লোক সংকটে পড়েছে।
রাখাইন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা মুসলমানরা পড়েছে চরম বিপাকে। বন্যার্ত হাজার হাজার লোক বৌদ্ধমন্দিরে ঠাঁই নিয়েছে। দ্য বার্মা টাইম বলেছে, কোনো কোনো স্থানে নিরাপত্তারক্ষীরা পরিত্যক্ত বিদ্যালয় ও কমিউনিটি সেন্টারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছেন। মিয়ানমারের কৃষি ও সেচ মন্ত্রণালয় জানায়, বহু এলাকায় ধান চাষের জমি পানিতে ডুবে গেছে।

No comments:

Post a Comment