Monday, August 3, 2015

বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন চালকরা।   রোববার ফেনী, গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সড়কে অটোরিকশা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় দ্বিতীয় দিনের মতো পুলিশ অভিযান চালালে সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন চালকরা। এ সময় বিক্ষুব্ধ চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ তাদের ওপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমেদ জানান, বিক্ষুব্ধ সিএনজি চালকদের সঙ্গে পুলিশের বৈঠক চলছে। অবরোধ তুলে নেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের ফৌজদারহাট ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। সমাবেশ থেকে ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, ৯ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ১৩ আগস্ট চট্টগ্রাম জেলা ও মহানগরে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন তারা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাজীপুর মহানগরের অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে সিএনজি অটোরিকশা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। জেলা সিএনজি অটোরিকশা মালিক- শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরের জয়দবপুর, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন পরিবহণ শ্রমিকরা । মহাসড়কে অটোরিকশা বন্ধ থাকায় নিয়মিত যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন সংকটের কারণে বিভিন্ন মোড়ে  অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও সিরাজগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ প্রদর্শনের খবর পাওয়া গেছে। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ করে সরকার।  ১ আগস্ট শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যাকর হয়।

No comments:

Post a Comment