Monday, August 3, 2015

এমন ড্র চায়নি বাংলাদেশ

সময়টা উপভোগ করতে চান মুশফিক। ছবি: শামসুল হক
রোদ উঠেছিল। আকাশেও ছিল না তেমন জলভরা মেঘ। এরপরও টেস্টের ফল অনেকটা জানাই ছিল। চনমনে এ আবহাওয়া ঢাকা টেস্ট তথা সিরিজের পর্দা নামার দারুণ উপলক্ষই হতে পারত। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই যে শেষ! আউটফিল্ড পুরোপুরি তৈরি না হওয়ায় দুই আম্পায়ার খেলার সমাপ্তি ঘোষণা করেন সকালেই। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, তাঁদের জন্য এভাবে খেলা পরিত্যক্ত হওয়ার অভিজ্ঞতা নতুনই। এমন ড্র তাঁরা চাননি। সকালে যথাসময়ে দুই দলই এসেছিল মাঠে। গা গরমের আগেই দুদলকে জানিয়ে দেওয়া হয়, পঞ্চম দিনেও খেলা হচ্ছে না। বাংলাদেশের খেলা ৯৩ টেস্টে ১৫টি ড্রয়ের নয়টি এসেছে বৃষ্টির বদান্যতায়। তবে এই নয়টির মধ্যে কখনো টানা চার দিন খেলা পরিত্যক্ত হয়নি। মুশফিক জানালেন বাংলাদেশের কাছে এটিও এক নতুন অভিজ্ঞতা, ‘ওয়ার্মআপের আগে জানতে পেলাম পরিত্যক্তের সিদ্ধান্ত। পঞ্চম দিন হয়তো আম্পায়ার, ম্যাচ রেফারি বা ম্যাচ অফিশিয়ালরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেদিক থেকে এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। আউটফিল্ড কিছু জায়গায় ভেজা রয়েছে। সূর্যের দেখা মিললেও শুকাতে তিন-চার ঘণ্টা সময় লাগবে। যতক্ষণ খেলা হবে ততক্ষণে ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই ভেবেই হয়তো তাঁরা খেলা বাতিল করেছেন। মনে হয়, দুই দলের কাউকে জিজ্ঞেসও করা হয়নি। যত দূর জানি, খেলার উপযোগী নয় বলে ম্যাচ অফিশিয়াল এ সিদ্ধান্ত নিয়েছেন।’
আবহাওয়া ভালো ছিল, তবুও খেলা হলো না। এভাবে পরিত্যক্ত হওয়ায় বিস্মিত কি না, পরিষ্কার না বললেও খেলার জন্য মুখিয়ে ছিলেন মুশফিক, ‘বিস্মিত বলতে, ওই যে বললাম, আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। আমরা খেলার জন্য উন্মুখ ছিলাম। এখন যদি ইনিংস ঘোষণাও করতাম, ওদের কিন্তু পুরো দিন খেলতে হতো। হয়তো ফল হতো না। তবে কিছু অর্জন করতে পারতাম। ম্যাচ অফিশিয়ালরা যা ভেবেছেন, করেছেন। নিয়ম নিয়ে তো আর কিছু বলতে পারব না।’
ঢাকা টেস্টের পুরোপুরি খেলা না হওয়ায় এরই মধ্যে হতাশা প্রকাশ করেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ। সতীর্থদের মতো মুশফিকের কণ্ঠেও একই হতাশা, ‘সত্যিই আমরা উন্মুখ ছিলাম। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) গতকাল যেটা বলেছেন, আসলে জয়-পরাজয় পরের ব্যাপার। যখন এক নম্বর দলের বিপক্ষে খেলবেন, অনেক কিছু শিখতে পারবেন। তারা যে বোলিং ইউনিট হিসেবে ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের চাপে রাখে বা ব্যাটসম্যানরা যে খুবই কম ভুল করে, এগুলো থেকে অনেক কিছু শেখার ছিল। আমরা বঞ্চিত হলাম।’
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়েছে, কয়েক ঘণ্টাও হয়নি, এর মধ্যেই ভাবনায় চলে এসেছে অস্ট্রেলিয়া সিরিজ। তবে তার আগের সময়টুকু উপভোগই করতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা একটা মানদণ্ড ঠিক করেছি। শেষ চারটা ওয়ানডে সিরিজ জিতেছি, টেস্টেও শেষ আটটা ম্যাচ খুবই ভালো খেলেছে দল। যদিও উন্নতির এখনো অনেক জায়গা রয়েছে। আমরা যেন এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দুই মাস পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। এটাও বড় একটা চ্যালেঞ্জ। তবে গত চার-পাঁচ মাসে যা অর্জন করেছি, সেটা উপভোগের সময় এখন। আমাদের মনে হয় সেটাই সবাই করবে। একটা বিরতি পেয়েছি। খুব দরকারও ছিল এটির। এরপর ফিটনেস ট্রেনিং আছে। তারপর স্কিল অনুশীলন। সামনে অনেক সময় আছে। চেষ্টা থাকবে যেন পুনরায় ভালোভাবে ফিরে আসতে পারি, দল হিসেবে পারফর্ম করতে পারি।’

No comments:

Post a Comment