Monday, August 3, 2015

মাহমুদউল্লাহদের চোখ এখন বিসিএলে

সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ l প্রথম আলো
সেই যে টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নামলেন, চতুর্থ দিন শেষেও অপরাজিত! নাসির হোসেনের ধৈর্যচ্যুতি ঘটাই স্বাভাবিক। কাল সকালে নাকি মাহমুদউল্লাহকে বলছিলেনও, ‘ভাইয়া, আর তো ভালো লাগছে না...।’
তবে এই চারটি দিনই যদি নাসির ব্যাটিং করে অপরাজিত থাকতেন, তাহলে প্রতিক্রিয়াটা হয়তো উল্টোই হতো। তখন হয়তো তার চেয়ে বেশি খুশি আর কেউ থাকত না। এত লম্বা সময় নিয়ে ব্যাটিং করে কোনো বিশ্ব রেকর্ডেরও মালিক হয়ে যেতে পারতেন নাসির। কিন্তু চার দিন ‘অপরাজিত’ থেকেও তাঁর আর ভালো না লাগার কারণ, সময়টা কাটছে না খেলেই। কাল টেস্টের চতুর্থ দিনেও মিরপুরের পিচে কোনো বল পড়েনি। দুপুর ১টা ৫ মিনিটে দিনের খেলা বাতিল হওয়ার পর বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এলেন মাহমুদউল্লাহ। কিন্তু কী বলবেন তিনি? প্রশ্নই বা কী হতে পারে! প্রথম দিনের পর এই টেস্টে যে এক শ্রাবণ-ধারা বয়ে যাওয়া ছাড়া আর কিছুই ঘটেনি! প্রশ্নগুলো হলো তাই আবহাওয়া আর বৃষ্টি নিয়েই। কেমন লাগছে না খেলে বসে থাকতে, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক অবস্থা কেমন থাকে ইত্যাদি ইত্যাদি।
উত্তরগুলো জানাই ছিল। মাহমুদউল্লাহর বলা একটা বাক্যই তাই যথেষ্ট, ‘আমরা পরিস্থিতির শিকার।’ অবশ্য আবহাওয়ার ওপর যেহেতু কারও হাত নেই, এ রকম সময়গুলো খেলোয়াড়দের উপভোগের চেষ্টা করা উচিত বলেই মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান, ‘সময়টা বিরক্তিকর হলেও আমার মনে হয় এটাও উপভোগ করা উচিত। এরপর যখন মাঠে আসব তখন আমরা আবার খেলার কথা ভাবব। কারণ ওই সময়ে আমাদের ম্যাচের প্রস্তুতি নিতে হয়।’
বৃষ্টিতে পাওয়া হঠাৎ অবসরে কখনো কখনো খেলার চিন্তাও উঁকি দিয়ে যায় ক্রিকেটারদের মনে। বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু হলে কী পরিস্থিতি দাঁড়াতে পারে সে আলোচনার সঙ্গে এসেছে চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার বিষয়টাও। মাহমুদউল্লাহর বিশ্লেষণ, ‘আমরা তিন-চারজন ২০-৩০-৩৫-৪০ রান করে আউট হয়ে গেছি। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এটা একটা অপরাধ। আমাদের নিজেদের মধ্যে আলাপ করে বের করতে হবে কী সমস্যা হচ্ছে। যেন এখান থেকে আমরা বের হতে পারি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টসহ বাংলাদেশের টানা তিনটি টেস্ট বৃষ্টিবাধায় পড়ল। অথচ অক্টোবরের অস্ট্রেলিয়া সিরিজের আগে এই তিনটি টেস্ট হতে পারত আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার অবলম্বন। মাহমুদউল্লাহর তাই আফসোস, ‘দুটি টেস্টই যদি পুরো পাঁচ দিন খেলতে পারতাম তাহলে প্রস্তুতিটা খুব ভালো হতো। আমরা আমাদের দক্ষতা আরও ঝালিয়ে নিতে পারতাম।’
তবে সম্ভাবনা আছে অস্ট্রেলিয়া সিরিজের আগেই প্রথম শ্রেণির ক্রিকেটের আসর বিসিএল শুরু হওয়ার। সে ক্ষেত্রে চট্টগ্রামে ৯ অক্টোবরের প্রথম টেস্টের আগে জাতীয় দলের ক্রিকেটারদের একটি-দুটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট থেকেও যেহেতু আর কিছুই পাওয়ার নেই, মাহমুদউল্লাহদের দৃষ্টি এখন সেদিকেই।

No comments:

Post a Comment