Tuesday, August 11, 2015

নীলাদ্রির প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা

শাহবাগে নীলাদ্রির প্রতিকৃতিতে শ্রদ্ধা
গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। রোববার বিকেল সাড়ে চারটায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কালো কাপড়ে মোড়ানো নীলাদ্রির প্রতিকৃতি ঘিরে উঁচু মঞ্চ তৈরি করে সেখানে শ্রদ্ধা জানানো হয়।
বিকেল ৪টা ৩৭ মিনিটে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নীলাদ্রির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নানা সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর মধ্যে আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জনউদ্যোগ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র সংহতি, নিজেরা করি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, জাগো নারী ডটকম নামের সংগঠন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আগে রাস্তায়, অফিসের বাইরে মানুষ হত্যা করা হলেও উগ্রবাদীরা এখন বাসায় ঢুকে মানুষ হত্যা করছে। শুধু যাঁরা যুদ্ধাপরাধের বিচারের দাবি জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশ গড়ার কথা লিখেছেন, সেসব সংস্কৃতিমনা মানুষকে বেছে বেছে হত্যা করা হচ্ছে।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সন্ধ্যায় একটি শোক মিছিল বের করেন মঞ্চের নেতা-কর্মীরা।
একই দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

No comments:

Post a Comment