Sunday, August 2, 2015

চিকিৎসকদের স্বেচ্ছায় রাজধানীর বাইরে যাওয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের স্বেচ্ছায় রাজধানীর বাইরে বদলি হওয়ার আবেদন করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। আজ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১ থেকে ৭ আগস্ট মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।
মো. নাসিম বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ৩৫০ চিকিৎসকের পদোন্নতি দেওয়া হবে। তাঁদের বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে বদলি করা হবে। পদোন্নতির পর ঢাকায় থাকার জন্য তদবির না করে গ্রামের মানুষের সেবা নিশ্চিত করতে মানসিকভাবে তাঁরা যেন প্রস্তুত থাকেন।’ এ সময় তিনি যেসব চিকিৎসক অনেক দিন ধরে ঢাকায় আছেন তাঁদের ঢাকার বাইরে স্বেচ্ছায় চলে যাওয়ার অনুরোধ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পুষ্টির ফোকাল পয়েন্ট রোকসানা কাদের বলেন, শিশুরা যেন ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খেতে পারে সে জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। কিন্তু সব প্রতিষ্ঠান এ নিয়ম মানছে না।
বাংলাদেশ ব্রেস্ট ফিল্ডিং ফাউন্ডেশনের (বিবিএর) চেয়ারপারসন অনুষ্ঠানে একটি উপস্থাপনা দেখান। উপস্থাপনায় তিনি বলেন, নারীরা যেন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পান সে বিষয়টি তত্ত্বাবধান করার কথা শ্রম, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের। শিগগিরই বিবিএর এই মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনায় বসবে।
এ ছাড়া অনুষ্ঠানে দেশের সব সরকারি, বেসরকারি অফিস, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমলে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপনেরও আহ্বান জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী এর জন্য কোনো সরকারি আদেশের অপেক্ষায় না থেকে দ্রুত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেন।

No comments:

Post a Comment