Monday, August 3, 2015

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী কার্যক্রম ১০ আগস্ট

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ সকালে রাজধানীর বকশীবাজারে
বিশেষ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ১০ আগস্ট ধার্য করেছেন আদালত। আজ সোমবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ আদালতে উপস্থিত ছিলেন প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে আজ তৃতীয় দিনের মতো খালেদা জিয়ার পক্ষে জেরা করেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এই জেরা আজ শেষ হয়েছে। সাক্ষীকে মামলার অপর দুই আসামির পক্ষে জেরা এখনো বাকি আছে।
জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীরা ২৬ আগস্ট বার কাউন্সিল নির্বাচন হওয়ায় ওই তারিখের পর মামলার পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করতে আবেদন করেন।
এর বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী আগামীকাল মঙ্গলবার মামলার পরবর্তী তারিখ ধার্যের আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি শেষে মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ১০ আগস্ট ধার্য করেন আদালত।
পরে দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আজ সাক্ষীকে খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ হয়েছে। মামলার পরবর্তী তারিখ ১০ আগস্ট ধার্য করেছেন আদালত।
গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান খালেদা জিয়া। তাঁর হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে গত ২৩ জুলাই এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট ধার্য করেন।

No comments:

Post a Comment