Tuesday, August 4, 2015

শৈশবে শিশু হত্যায় যুবক বয়সে ফাঁসি

শাফকাত হুসেন। ফাইল ছবি: এএফপি
পাকিস্তানে এক শিশুকে হত্যার দায়ে শাফকাত হুসেন নামের এক ব্যক্তির ফাঁসি আজ মঙ্গলবার ভোররাতে কার্যকর করা হয়েছে। আসামির পরিবার ও আইনজীবীদের ভাষ্য, ২০০৪ সালে অপরাধ সংঘটনের সময় শাফকাতও শিশু ছিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ ভোরের কিছু আগে করাচির একটি কারাগারের শাফকাতের ফাঁসি কার্যকর করা হয়। মধ্য রাতের আগে আসামির সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার শেষ সুযোগ দেওয়া হয়।
আইনগত চ্যালেঞ্জের কারণে চলতি বছর চারবার শাফকাতের ফাঁসি কার্যকর স্থগিত করা হয়। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীও শাফকাতের ফাঁসি কার্যকর না করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁর ফাঁসি কার্যকর হলোই।
২০০৪ সালে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে শাফকাতের মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি দেশে-বিদেশে আলোচিত হয়। আইনজীবী ও পরিবার দাবি করে, হত্যাকাণ্ড সংঘটন ও দণ্ড প্রদানের সময় আসামির বয়স ছিল ১৫ বছর। তা ছাড়া নির্যাতনের মাধ্যমে আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায়েরও অভিযোগ ওঠে।
সরকারের পক্ষ থেকে এসব দাবি নাকচ করা হয়। ২০১৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত পাকিস্তানে প্রায় ২০০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

No comments:

Post a Comment