Wednesday, August 19, 2015

বই পড়া প্রজন্ম অন্যায় করে না -চট্টগ্রামে আবদুল্লাহ আবু সায়ীদ

আবদুল্লাহ আবু সায়ীদ
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বই পড়লে মানুষ আলোকিত হয়। বই পড়া প্রজন্ম কখনো অন্যায় করে না। আবার অন্যায় মেনেও নেয় না।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের কলেজিয়েট স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বই পড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’-এর উদ্বোধন করতে গিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য এ কর্মসূচি চালু করা হয়।
অধ্যাপক আবু সায়ীদ বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে। বই পড়ার মাধ্যমে মানুষের মন সুন্দর হয়। শৈশব থেকে বই পড়ার অভ্যাস করলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। শুরুটা সুন্দর হলে শেষটাও সুন্দর হবে। আর সবাই সুন্দর পরিবেশে বেড়ে উঠলে বাংলাদেশও সুন্দর হবে। তখন বাংলাদেশের অগ্রগতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তাই ঘরে ঘরে আলোকিত মানুষ সৃষ্টি করতে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন, জগতে শিক্ষার আলো, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতি সব জ্ঞানের প্রতীক বইয়ের মধ্যে নিহিত। মানবজীবন নিতান্তই একঘেয়ে দুঃখ-কষ্টে ভরা। কিন্তু মানুষ বই পড়তে বসলেই সেসব ভুলে যায়। তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সংগ্রাম করতে হবে। সংগ্রাম ছাড়া কেউ বিশ্ব আসনে অধিষ্ঠিত হতে পারেনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, আলোকিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক আজিজ উদ্দিন, বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম ও সিটি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক আলেক্স আলীম।

No comments:

Post a Comment