বাংলাদেশে
অবস্থানরত পশ্চিমা নাগরিকদের ওপর আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে
যুক্তরাজ্য। দেশটি মনে করে, আসন্ন হামলা ‘নির্বিচারে’ হতে পারে। এ অবস্থায়
বাংলাদেশ ভ্রমণে বৃটিশ নাগরিকদের আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে গতকাল
নতুন করে বার্তা দিয়েছে বৃটেন। ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে বাংলাদেশ
পরিস্থিতি নিয়ে সর্বশেষ জারি করা (৯ই অক্টোবর) ওই বার্তায় বলা হয়েছে, এখানে
সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। সমপ্রতি দুজন বিদেশীকে হত্যার ঘটনা
উল্লেখ করে এতে বলা হয়, ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল) ওই
হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রতি বছর ৭৫ হাজার বৃটিশ নাগরিক বাংলাদেশ
সফর করেন জানিয়ে ওই বার্তায় বাংলাদেশ ভ্রমণকারী বৃটিশ নাগরিকদের সতর্কতার
পরামর্শ দিয়ে বলা হয়, পশ্চিমা নাগরিকরা সমবেত হন, এমন হোটেল বা কনফারেন্স
সেন্টারগুলোতে যাতায়াতে আরও সতর্ক হতে হবে। উল্লেখ্য, ঢাকায় একজন ইতালিয়ান
এবং রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যার পর বাংলাদেশের নিরাপত্তা
পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়াসহ পূর্ব ও পশ্চিমে বহু দেশ
বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের গতিবিধি সীমিত রাখার পরামর্শ দিয়ে চলেছে।
বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত
করেছেন। জাতিসংঘও তাদের বাংলাদেশস্থ কর্মকর্তাদের রংপুর সফরে যেতে বারণ
করেছে। ঢাকার কূটনৈতিক জোনসহ বিভিন্ন এলাকায় দূতবাসের পূর্ব নির্ধারিত
অনুষ্ঠান একের পর এক বাতিল করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উদ্বিগ্ন
দেশগুলোর তরফে তাদের নাগরিকদের জন্য ট্রাভেল এলার্ট নিয়মিত আপডেট করা
হচ্ছে। বিদেশী নাগরিকদের উদ্বেগ-উৎকণ্ঠা, আতঙ্ক নিরসনে বাংলাদেশ সরকারের
তরফে দফায় দফায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক ও আলোচনা চলছে। বর্তমানে বাংলাদেশে
থাকা প্রায় ২ লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ
চেষ্টা অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ব্রিফিংয়ে
কূটনীতিকদের এ নিয়ে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে
তাদের উদ্বেগ-আতঙ্ক পুরোপুরি নিরসন হচ্ছে না। গত ৬ই অক্টোবরের জনাকীর্ণ ওই
কূটনৈতিক ব্রিফিংয়ের তিন দিনের মাথায় বৃটেন নতুন করে তাদের নাগরিকদের জন্য
নিরাপত্তা সতর্কবার্তা জারি করলো।
কানাডিয়ান হাইকমিশনের অনুষ্ঠান স্থগিত: এদিকে আগামী ১২ই অক্টোবর কানাডিয়ান হাইকমিশন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। তাদের অতিথিদের এরই মধ্যে আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
কানাডিয়ান হাইকমিশনের অনুষ্ঠান স্থগিত: এদিকে আগামী ১২ই অক্টোবর কানাডিয়ান হাইকমিশন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। তাদের অতিথিদের এরই মধ্যে আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

No comments:
Post a Comment