Saturday, October 10, 2015

রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল ইরানে!

ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে
ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ছবি। দেশটির
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত
বুধবার এই ছবিটি প্রকাশ করা হয়। ছবি: এএফপি
সিরিয়ার দিকে ছোড়া রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এমন দাবি করেছেন। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, সিরিয়ায় বুধ ও বৃহস্পতিবার চালানো সব ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
আজ শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ার দিকে ছোড়া রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—তা জানা যায়নি। ক্ষেপণাস্ত্রগুলো ইরানের কোথায় আঘাত করেছে, তাও স্পষ্ট করেননি যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা।
এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেন ইগোর কনাসেনকভ স্থানীয় গণমাধ্যমে বলেন, তাঁদের ছোড়া সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
স্থানীয় গণমাধ্যমে রাশিয়া গত বুধবার বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ১১টি লক্ষ্যবস্তুতে তারা ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল বৃহস্পতিবার ২৭টি লক্ষ্যবস্তুতে তারা বিমান হামলা চালিয়েছে। আইএস জঙ্গিদের লক্ষ্য করে এসব হামলা হয়।
ইরানের ইরনা সংবাদ সংস্থা গত বুধবারের খবরে জানায়, পশ্চিম আজারবাইজান প্রদেশের ঘোজঘাপান গ্রামে একটি বস্তু বিধ্বস্ত হয়েছে। ইরানের রক্ষণশীল ধারার সমর্থক কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রচার করা যুক্তরাষ্ট্রের নতুন কৌশল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাস্পিয়ান সাগরে তাদের যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কলকারখানা, গোলাবারুদ রাখার জায়গা, প্রশিক্ষণ ও নির্দেশনা কেন্দ্র ধ্বংস হয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব গতকাল বলেন, রুশ বিমান হামলায় তাঁর দেশে আইএস ও অন্য সশস্ত্র জঙ্গিরা দুর্বল হয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীও অভিযান অব্যাহত রেখেছে। তবে বরাবরের মতো মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বুধবার বলেছে, সিরিয়ায় রুশ বিমান হামলার অন্তত ৯০ শতাংশের লক্ষ্য আইএস নয়।

No comments:

Post a Comment