Friday, October 23, 2015

কক্সবাজারের ঈদগড়ে অ্যাম্বুলেন্স আটকিয়ে ৩ ব্যক্তি অপহরণ, ৪লক্ষ টাকা মুক্তিপণ দাবী

শাহিদ মোস্তফা শাহিদ,( সদর প্রতিনিধি,) কক্সবাজার:
রামুর ক্রাইমজোন খ্যাত ঈদগড় সড়কে আবারো ৩ ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবী করার খবর পাওয়া গেছে। সংঘটিত ঘটনায় পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। জুমাবার সাড়ে ১১টার সময় ঈদগড় ঢালার সম্মুখস্থ সড়কে গাছ ফেলে রোগীবাহী এম্বুলেন্স আটক করে ইউপি সদস্যসহ ৩জনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃতরা হলেন বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক এমইউপি আবু তৈয়ব ও তার নিকটতম আত্মীয় আবু বক্কর ও শাহ আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃতরা ঘটনার দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে বাইশারী ফিরছিল। ঐ সময় ১৫/২০ জনের সংঘবদ্ধ অপহরণকারী চক্র রাস্তায় ব্যারিকেট দিয়ে তাদের অপহরণ করে গহীন জঙ্গলে নিয়ে যায়। এর পর থেকে তাদের আত্মীয়-স্বজনের মুঠোফোনে মোটা অংকের মুক্তিপণ দাবী করছে বলে জানা গেছে। রামু থানার ওসি আবদুল মজিদ জানান, খবর পেয়ে অপহৃতদের উদ্ধারের অভিযানে নেমেছে পুলিশ। উল্লেখ্য, উক্ত সড়কে প্রতিনিয়ত অপহরণ, ডাকাতি সংঘটিত হওয়ায় অনেকটাই উদ্বেগ, উৎকণ্ঠায় চলাচল করছে পার্বত্য জেলাসহ ঈদগড়ের বাসিন্দারা। এলাকার লোকজন জানান, উক্ত স্থানে অস্থায়ী র‌্যাব ক্যাম্প স্থাপন করলে ডাকাতি ও অপহরণের মত ঘটনা অনেকাংশে কমে আসবে।

No comments:

Post a Comment