Friday, October 16, 2015

নূর হোসেনকে বাংলাদেশে ফেরতের নির্দেশ

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের আদালত। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আজ শুক্রবার শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। এর ফলে ভারতে নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে সেখানকার কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন। এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।
বারাসাত পুলিশ জানায়, গত ১৮ আগস্ট এ মামলায় নূর হোসেনসহ তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এরপর বাংলাদেশ সরকার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনুরোধ করে।
সূত্র জানায়, বাংলাদেশ সরকারের অনুরোধে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় ইতিমধ্যে নূর হোসেনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আইন মোতাবেক ফেরত পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নূর হোসেনকে অবিলম্বে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এসব নির্দেশ আসার পর বারাসাতের সরকারি কৌঁসুলি এই মামলা থেকে নূর হোসেনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আদালতে আবেদন জানান।

No comments:

Post a Comment