Sunday, November 29, 2015

সার্বক্ষণিক ২ প্লাটুন পুলিশ চেয়েছে দক্ষিণ সিটি করপোরেশন

সার্বক্ষণিক দুই প্লাটুন পুলিশ ফোর্স চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সমপ্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে তারা। তবে চিঠির বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নগরে বসবাসরত জনসাধারণকে বহুমাত্রিক সেবা দিয়ে থাকে। এ প্রতিষ্ঠান জনপ্রতিনিধি দিয়ে পরিচালিত হওয়ায় বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ওপর জনগণের প্রত্যাশা দৃশ্যমান। নগরে জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার স্বার্থে এ প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হয়। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে রাস্তায় প্রতিবন্ধকতা অপসারণ, অবৈধ গাড়ি পার্কিং প্রতিরোধ, অবৈধ বিলবোর্ড অপসারণ, ফুটপাথ উন্মুক্ত রাখা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো প্রতিরোধ করা, রাজস্ব আদায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিপদজনক পশু আটক, পথচারীদের জন্য বিপদের সম্ভাবনা থাকে এমন কার্যক্রম প্রতিরোধ এবং অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করা। এসব কার্যক্রমগুলো পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স পাওয়া না গেলে এসব কার্যক্রম গ্রহণ তথা নগরবাসীকে তাৎক্ষণিক সেবা দেয়া সম্ভব হয় না। ফলে জনসাধারণ কাঙ্ক্ষিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে জনমনে সিটি করপোরেশনের সেবা প্রদানের ক্ষেত্রে বিরূপ ধারণার জন্ম নেয়। এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তাৎক্ষণিক প্রয়োজন অনুযায়ী সরবরাহের জন্য দুই প্লাটুন পুলিশ ফোর্স একজন যুগ্ম কমিশনার বা ডেপুটি কমিশনারের অধীনে সার্বক্ষণিক সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করা হলো।  

No comments:

Post a Comment